,

বিজেপি ছাড়া অন্য দলের অস্তিত্ব থাকবে না! ২৮-এর নির্বাচনে এককভাবে ৪৫ আসন পাবে বিজেপি : অভিষেক দেব রায়।

By Suman Debnath

November 23, 2026 10:57 AM

বিজেপি ছাড়া অন্য দলের অস্তিত্ব থাকবে না! ২৮-এর নির্বাচনে এককভাবে ৪৫ আসন পাবে বিজেপি : অভিষেক দেব রায়।

সোনামুড়া: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি এককভাবে ৪৫টি আসনে জয়লাভ করবে। বিজেপি ছাড়া অন্য কোনও দলের অস্তিত্ব থাকবে না বলেও দাবি করলেন প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়। রবিবার সোনামুড়ায় পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এই দাবি করেন তিনি।

রবিবার মেলাঘর পুর পরিষদ এবং সোনামুড়া নগর পঞ্চায়েত নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীদের সমর্থনে জনসভা ও রোড শোর আয়োজন করা হয়। নির্বাচনী সভায় উপস্থিত থেকে দলীয় প্রার্থীদের সমর্থনে বক্তব্য রাখেন প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়। সভা শেষে সুসজ্জিত হুডখোলা গাড়িতে করে দলীয় নেতৃত্ব সোনামুড়া শহরে রোড শো করেন।

এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে অভিষেক দেবরায় বলেন, আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীদের জয় নিশ্চিত। তাই এই নির্বাচন নিয়ে তিনি বিশেষ চিন্তিত নন। তাঁর দাবি, সোনামুড়ার মানুষ বিজেপির সঙ্গে রয়েছেন। ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে সোনামুড়া বিধানসভা কেন্দ্রকে বামমুক্ত করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণতান্ত্রিক পদ্ধতিতেই বামেদের হাত থেকে এই আসন বিজেপি ছিনিয়ে নেবে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন:  কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী মনোহর লাল খট্টরের ত্রিপুরা সফর, বিদ্যুৎ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ বৈঠক আজ!

এদিন বক্তব্য রাখতে গিয়ে বিরোধী সিপিএম ও কংগ্রেসের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন প্রদেশ বিজেপি সভাপতি। তাঁর অভিযোগ, বামফ্রন্ট সরকারের আমলে দক্ষিণ জেলায় ৭৯টি রাজনৈতিক খুনের ঘটনা ঘটেছিল। তৎকালীন সময়ে মন্ত্রী, মহকুমা শাসক থেকে শুরু করে বিভিন্ন নেতৃত্ব এবং কংগ্রেসের কর্মী-সমর্থকরাও খুনের শিকার হয়েছিলেন বলে দাবি করেন তিনি।

অভিষেক দেবরায় আরও বলেন, একসময় যাঁরা রাজনৈতিক সংঘর্ষে প্রাণ হারিয়েছেন, সেই কংগ্রেস আজ কমিউনিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে। অতীতে কংগ্রেসের জন্য বহু যুবক তাঁদের জীবন ও যৌবন বিসর্জন দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। কংগ্রেসের বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলে বিরোধীদের কটাক্ষ করেন প্রদেশ বিজেপি সভাপতি।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ২০২৮ সালের বিধানসভা নির্বাচন প্রসঙ্গে আরও বড় দাবি করেন অভিষেক দেবরায়। তাঁর বক্তব্য, ২০২৮ সালের নির্বাচনে বিজেপি ছাড়া অন্য কোনও দলের অস্তিত্ব থাকবে না এবং ভারতীয় জনতা পার্টি এককভাবে ৪৫টি আসনে জয়ী হবে।

আরও পড়ুন:  ধর্মনগরে ভয়াবহ অগ্নিকাণ্ড, গুদামে পুড়ে ছাই আইসক্রিম তৈরির সামগ্রী, ক্ষতি ৫০ লক্ষ টাকা

এদিনের নির্বাচনী সমাবেশে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, প্রদেশ বিজেপির রাজ্য প্রভারী মৃগাঙ্ক দেওবর্মন, বিধায়ক বিন্দু দেবনাথ, তোফাজ্জল হোসেন-সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment