ধর্মনগরে ভয়াবহ অগ্নিকাণ্ড, গুদামে পুড়ে ছাই আইসক্রিম তৈরির সামগ্রী, ক্ষতি ৫০ লক্ষ টাকা

By Suman Debnath

October 18, 2026 7:42 PM

ধর্মনগরে ভয়াবহ অগ্নিকাণ্ড, গুদামে পুড়ে ছাই আইসক্রিম তৈরির সামগ্রী, ক্ষতি ৫০ লক্ষ টাকা

ধর্মনগর, ১৮ অক্টোবর: শারদীয় দুর্গোৎসবের আবহে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। আগুনে পুড়ে ছাই হয়ে গেল পদ্মপুর হরিচাঁদ রোড এলাকার এক আইসক্রিম ব্যবসায়ীর গুদামে মজুত থাকা আইসক্রিম তৈরির বিভিন্ন সামগ্রী। গুদামের মালিক লক্ষিন্দর সাহানির দাবি, এই অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুর আনুমানিক ১২টা নাগাদ গুদামটিতে আগুন লাগে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে অনুমান করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। ঘনবসতিপূর্ণ এলাকায় আগুনের তীব্রতা দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা বালতি হাতে আগুন নেভানোর কাজে এগিয়ে আসেন। পুরুষ ও মহিলারা সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানোর পাশাপাশি দমকল বিভাগে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। দমকলকর্মী ও স্থানীয় বাসিন্দাদের দীর্ঘ প্রচেষ্টায় প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন:  মনোনয়ন জমা ঘিরে রণক্ষেত্র কমলপুর! হামলায় আহত সিপিআইএমের ৫ কর্মী

তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই গুদামে মজুত থাকা আইসক্রিম তৈরির সামগ্রী সম্পূর্ণ পুড়ে নষ্ট হয়ে যায়। গুদামের মালিক লক্ষিন্দর সাহানি জানান, এই অগ্নিকাণ্ডে তাঁর প্রায় ৫০ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। উৎসবের মরশুমে এত বড় ক্ষতির মুখে পড়ে চরম আর্থিক সংকটে পড়েছেন তিনি।

প্রাথমিকভাবে শর্ট সার্কিটকে অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ বলে মনে করা হলেও, আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্তের পরই স্পষ্ট হবে।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment