এশিয়ার তৃতীয় বৃহত্তম শক্তি ভারত, নেতৃত্বে জিনপিংয়ের পরেই দ্বিতীয় মোদী: রিপোর্ট

By Suman Debnath

November 23, 2026 9:00 PM

এশিয়ার তৃতীয় বৃহত্তম শক্তি ভারত, নেতৃত্বে জিনপিংয়ের পরেই দ্বিতীয় মোদী: রিপোর্ট


অর্থনৈতিক সম্ভাবনা, ধারাবাহিক কূটনৈতিক প্রভাব এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যকর নেতৃত্বের জোরে এশিয়ার তৃতীয় বৃহত্তম শক্তি হিসেবে নিজের অবস্থান আরও মজবুত করল ভারত। অস্ট্রেলিয়ার খ্যাতনামা গবেষণা সংস্থা ‘লোই ইনস্টিটিউট’-এর (Lowy Institute) সদ্য প্রকাশিত ‘এশিয়া পাওয়ার ইনডেক্স ২০২৬’ (Asia Power Index 2026) রিপোর্টে এই চিত্র উঠে এসেছে। সূচক অনুযায়ী, আঞ্চলিক নেতাদের দক্ষতার নিরিখে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পরেই এশিয়ার দ্বিতীয় সেরা নেতা হিসেবে জায়গা করে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাৎপর্যপূর্ণ ভাবে, ২০১৮ সালে এই সূচক চালু হওয়ার পর থেকে চিনের সঙ্গে ভারতের শক্তির ব্যবধান এখন সবচেয়ে কমে এসেছে। যদিও সামগ্রিক শক্তির বিচারে চিন এখনও ভারতের তুলনায় ৮০ শতাংশ এগিয়ে রয়েছে।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২৭টি দেশ ও ভূখণ্ডের ওপর ১৩১টি মাপকাঠিতে এই সমীক্ষা চালিয়েছে লোই ইনস্টিটিউট। অর্থনৈতিক ও সামরিক সক্ষমতা, প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার ক্ষমতা, কূটনৈতিক ও সাংস্কৃতিক প্রভাব, ভবিষ্যৎ সম্পদ, প্রতিরক্ষা নেটওয়ার্ক এবং অর্থনৈতিক সম্পর্ক–  এই আটটি প্রধান সূচকের ওপর ভিত্তি করে তালিকাটি তৈরি হয়েছে। তাতে দেখা যাচ্ছে, ৪০.৫ পয়েন্টে পৌঁছে গিয়ে ‘প্রধান শক্তি’ বা ‘মেজর পাওয়ার’ (major power) হিসেবে নিজেদের জায়গা আরও পোক্ত করেছে নয়াদিল্লি। পাশাপাশি নিজের সম্পদের অনুপাতে কাঙ্ক্ষিত শক্তি ও প্রকৃত প্রাপ্ত নম্বরের ফারাক, অর্থাৎ ‘পাওয়ার ইল্ড’-এর (power yield) ব্যবধানও অনেকটা কমিয়ে এনেছে ভারত।

কেন বাড়ল ভারতের ওজন

লোই ইনস্টিটিউটের মূল্যায়নের আটটি মাপকাঠির মধ্যে পাঁচটিতেই উন্নতি করেছে ভারত, আর বাকি তিনটিতে সামান্য পতন দেখা গিয়েছে। বেশির ভাগ দেশের কূটনৈতিক প্রভাব যখন পড়তির দিকে, তখন সামান্য হ্রাস পেলেও ভারতের সবচেয়ে শক্তিশালী ও স্থিতিশীল স্তম্ভ হিসেবেই টিকে রয়েছে কূটনৈতিক প্রভাব। একই সঙ্গে এশিয়ায় ভারতের প্রতিপত্তি বাড়াতে বড় ভূমিকা নিয়েছে প্রতিরক্ষা জোট এবং সাংস্কৃতিক প্রভাব। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতে ভারতের প্রতিরক্ষা আদানপ্রদান এবং ‘ব্রহ্মস’ (BrahMos) ক্ষেপণাস্ত্র বিক্রির জেরে প্রতিরক্ষা নেটওয়ার্কের সূচকে নয় নম্বরে উঠে এসেছে নয়াদিল্লি।

সাংস্কৃতিক ক্ষেত্রেও ভারতের অগ্রগতি চোখে পড়ার মতো। সাংস্কৃতিক বিস্তার, তথ্যপ্রবাহ এবং সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আদানপ্রদান, এই তিনটি ক্ষেত্রেই উন্নতির ফলে ভারতের সাংস্কৃতিক প্রভাবের স্কোর বেড়ে ৪৩.৮ পয়েন্টে পৌঁছেছে। লোই ইনস্টিটিউটের দক্ষিণ-পূর্ব এশিয়া কর্মসূচির ডিরেক্টর তথা এশিয়া পাওয়ার ইনডেক্সের প্রধান ড. হান্টার মার্স্টন (Dr Hunter Marston) সমাজমাধ্যম ‘এক্স’-এ লিখেছেন, ‘ভারতের প্রভাব বেড়েছে। ৪০.৫ পয়েন্টে উঠে এসে প্রধান শক্তি হিসেবে নিজের অবস্থান সুদৃঢ় করেছে দেশটি। ২০১৮ সালের পর চিনের সঙ্গে ব্যবধান সবচেয়ে কমেছে এবং অর্থনৈতিক সক্ষমতায় কিছুটা ভাটা সত্ত্বেও আঞ্চলিক নেতৃত্বের কার্যকারিতায় শি জিনপিংয়ের পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন মোদী।’

আরও পড়ুন:  মুনিরের চক্রান্তের বিরুদ্ধে গর্জে উঠল করাচি: শুরু অর্থনৈতিক অবরোধ, স্বাধীন ‘সিন্ধুদেশ’-এর ডাকে চলছে লড়াই

অর্থনীতিতে চাপ নিয়ে সতর্কবার্তা

 সার্বিক সাফল্যের পাশাপাশি ভারতের জন্য বেশ কিছু উদ্বেগের দিকও স্পষ্ট ভাবে তুলে ধরেছেন গবেষকেরা। রিপোর্টে টাকার দামের পতন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ-এর (IMF) অর্থনীতি পরিমাপের পদ্ধতিতে বদল এবং বিদেশে ভারতের বিনিয়োগ প্রায় ২,০০০ কোটি ডলার কমে যাওয়ার বিষয়টিকে নেতিবাচক দিক হিসেবে চিহ্নিত করা হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রসঙ্গেও একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ রয়েছে প্রতিবেদনে। লোই ইনস্টিটিউটের মতে, উপসাগরীয় অঞ্চলের সংঘাতের (conflict in the Gulf) সময় ভারতের কূটনৈতিক তৎপরতা তুলনামূলক কম থাকার প্রতিফলন পড়েছে মোদীর নেতৃত্ব ও কৌশলগত উচ্চাকাঙ্ক্ষা সংক্রান্ত আন্তর্জাতিক ধারণায়। তবে সমস্ত সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ সত্ত্বেও এশিয়ার অন্য যে কোনও দেশের তুলনায় ভারতের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ এখনও অনেক বেশি বলে রিপোর্টে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

আরও পড়ুন:  ‘বড় কিছু ঘটতে চলেছে’, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি

আমেরিকার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চিন

ভারতের উত্থানের সমান্তরালে গোটা এশিয়ার ভূ-রাজনীতিতে বড়সড় পালাবদলের ইঙ্গিত দিয়েছে ২০২৬ সালের এই সূচক। রিপোর্ট বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন পশ্চিম এশিয়ার সংঘাতে অতিমাত্রায় জড়িয়ে পড়ায় এশিয়া থেকে আমেরিকার নজর অনেকটাই সরে গিয়েছে। সেই সুযোগে সামরিক শক্তির নিরিখে ওয়াশিংটনের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বেজিং এবং দু’দেশের ব্যবধান দ্রুত কমে আসছে।

সামগ্রিক শক্তির সূচকে আমেরিকার প্রাপ্ত নম্বর ৭৮.৯ এবং চিনের ৭৩.৬। অর্থাৎ, দুই মহাশক্তির মধ্যে ফারাক কমে দাঁড়িয়েছে মাত্র ৫.৩ পয়েন্টে। অর্থনৈতিক ও সামরিক সক্ষমতা, প্রতিরক্ষা নেটওয়ার্ক এবং কূটনৈতিক প্রভাবে আমেরিকা বড়সড় ধাক্কা খেলেও, ওই ক্ষেত্রগুলিতে নিজের শক্ত ভিত ধরে রেখেছে চিন। সামরিক আধুনিকীকরণের পাশাপাশি সমুদ্রে নিজেদের দাপট লাগাতার বাড়িয়ে চলেছে বেজিং, যার জেরে ফিলিপিন্স ও তাইওয়ানের ওপর চিনের আঞ্চলিক দাবি আরও আগ্রাসী রূপ নিচ্ছে। ডলারের শক্তিশালী ভান্ডার থাকা সত্ত্বেও অর্থনৈতিক অগ্রগতিতে আমেরিকাকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে চিন, যাদের সরকারি বৈদেশিক মুদ্রা ভান্ডার ইতিমধ্যেই আমেরিকার তুলনায় তিন গুণ হয়ে গিয়েছে।

Suman Debnath

Journalist

Related Stories

এক দিকে আইনি পদক্ষেপ, অন্য দিকে নিজেদের বৈঠকেই বিসলেরির বোতল: ছবি পোস্ট করে নেটপাড়ায় তীব্র রোষের মুখে এফএসএসএআই

এক দিকে আইনি পদক্ষেপ, অন্য দিকে নিজেদের বৈঠকেই বিসলেরির বোতল: ছবি পোস্ট করে নেটপাড়ায় তীব্র রোষের মুখে এফএসএসএআই

বড়বাজারের তরুণ ব্যবসায়ীকে অপহরণ করে খুন, তিন অপরাধীর যাবজ্জীবন সাজা বহাল হাইকোর্টের

বড়বাজারের তরুণ ব্যবসায়ীকে অপহরণ করে খুন, তিন অপরাধীর যাবজ্জীবন সাজা বহাল হাইকোর্টের

ভারতীয় পণ্যে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক চাপানোর প্রস্তাব আমেরিকার, ট্রাম্পের পদক্ষেপে বাড়ছে বাণিজ্যিক চাপ

ভারতীয় পণ্যে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক চাপানোর প্রস্তাব আমেরিকার, ট্রাম্পের পদক্ষেপে বাড়ছে বাণিজ্যিক চাপ

চার ঘণ্টা দেরিতে ট্রেন, বিমান মিস যাত্রীর! হোটেল খরচ-সহ ৬৩ হাজার টাকা ফেরতের নির্দেশ ক্রেতা সুরক্ষা কমিশনের

চার ঘণ্টা দেরিতে ট্রেন, বিমান মিস যাত্রীর! হোটেল খরচ-সহ ৬৩ হাজার টাকা ফেরতের নির্দেশ ক্রেতা সুরক্ষা কমিশনের

‘গণতন্ত্রে রাজনৈতিক হিংসার কোনও ক্ষমা নেই’, সিপিএম-নেতা খুনে তিন দোষীর যাবজ্জীবন কারাদণ্ড

‘গণতন্ত্রে রাজনৈতিক হিংসার কোনও ক্ষমা নেই’, সিপিএম-নেতা খুনে তিন দোষীর যাবজ্জীবন কারাদণ্ড

তৃণমূল তুমি কার? শুক্রেই নিষ্পত্তি! দুই শিবিরকেই ডাকল নির্বাচন কমিশন

তৃণমূল তুমি কার? শুক্রেই নিষ্পত্তি! দুই শিবিরকেই ডাকল নির্বাচন কমিশন

No comments to show.

Leave a Comment