কালীপুজোর রাতে চারিদিকে বাজির তাণ্ডব দেখা গিয়েছে। আর সেই আওয়াজের মধ্যে হঠাৎই গুলি চালানোর শব্দ পাওয়া যায়। অভিযোগ, কালীপুজোর মণ্ডপের সামনে এক যুবক প্রকাশ্যেই শূন্যে দুই রাউন্ড গুলি চালায়। ঘটনাটি ঘটেছে বেহালার সরশুনার রক্ষিত পাড়ায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত রাজ পালকে আটক করে।
পুলিশ সূত্রের খবর, রবিবার রাত ৩টে নাগাদ রক্ষিত পাড়ায় কয়েকজন বন্ধু একসঙ্গে কালীপুজোর পার্টি করছিল। রাতের বেলাতে তাঁদের মদের আসর বসে। বন্ধুদের মধ্যে আড্ডার পাশাপাশি হাসি-ঠাট্টা চলছিল। সেই সময়েই একজন পকেট থেকে বন্দুক বের করে হঠাৎ গুলি চালাতে শুরু করে।
জানা গিয়েছে, গুলির আওয়াজ শুনে এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে সরশুনা থানার পুলিশ ঘটনাস্থলে যান। সেখান থেকেই ওই যুবককে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। থানায় জিজ্ঞাসাবাদ করার সময়ে অভিযুক্ত যুবক গোটা ঘটনাটি জানায়।
পুলিশ সূত্রের খবর, বন্দুদের মধ্যে হুল্লোড় করতে করতে আনন্দের বশেই অভিযুক্ত গুলি চালিয়েছে বলে পুলিশকে জানিয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ গুলির খোল উদ্ধার করেছে। তবে যে বন্দুকটি থেকে গুলি চালানো হয়েছিল তা এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। প্রশ্ন উঠছে, ওই যুবক কেন হঠাৎ করে গুলি চালালেন? তাঁর কাছে বন্দুক এল কোথা থেকে? ওই আগ্নেয়াস্ত্র কি আইনিভাবে রেখেছিলেন তিনি?
আরও পড়ুন: রাতের শহরে নিষিদ্ধ বাজির দাপট, কলকাতায় গ্রেপ্তার ৫৯২, দায়ের ৫৯৩টি মামলা
তবে এদিকে যুবকের কথা অনুযায়ী, আনন্দের বশে শূন্যে তিনি গুলি ছুড়েছেন। কিন্তু অভিযুক্ত যুবক সঠিক বলছে কি না, তা নিয়ে ধন্ধে পুলিশ। নিছক আনন্দ নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
Leave a Comment