‘একটু মানুষের কথা ভাবুন’, মহানগরীর নানা প্রান্তে ছুটে শব্দবাজির মোকাবিলায় অগ্নিমিত্রা

By Suman Debnath

November 9, 2026 1:40 PM

‘একটু মানুষের কথা ভাবুন’, মহানগরীর নানা প্রান্তে ছুটে শব্দবাজির মোকাবিলায় অগ্নিমিত্রা


রাজ্য সরকারের পক্ষ থেকে শব্দবাজি না ফাটানোর কথা বলা হয়েছিল। এমনকী নানা ব্যবস্থার কথা বলা হয়েছিল। পুলিশকে অ্যালার্ট করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু তারপরও দেদার শব্দবাজি ফাটল শহরজুড়ে। রাত ২টো নাগাদ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, বাজির শব্দে কান ঝালাপালা হওয়ার জোগাড়। বাতাসে বারুদের গন্ধে নিশ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ে। ধোঁয়ায় ঢেকে যায় গোটা কল্লোলিনী কলকাতা। শহরবাসীর বাজি ফাটানো তখনও বন্ধ হয়নি। রাত ২টোর সময়ও বাজির শব্দে ঘুমোনো যাচ্ছিল না। এই পরিস্থিতিতে ঘরে বসে থাকতে না পেরে রাস্তায় বেরিয়ে এলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ঘুরে দেখলেন কালীপুজোর রাতের কলকাতা।

এই ঘটনায় পুরমন্ত্রী যে উদ্যোগ নিলেন তা করার কথা ছিল কলকাতা পুলিশের। শুধু তাই নয়, এই ঘটনা প্রমাণ করে দিলে কলকাতা পুলিশের দায়িত্বজ্ঞানহীনতা। সেখানে পথে নেমে কাজ করতে দেখা গেল অগ্নিমিত্রা পালকে। সাধারণ মানুষকে ‘রিকোয়েস্ট’ করলেন বাজি না ফাটানোর জন্য। যখন মানুষ ঠাকুর দেখছেন, খাওয়া-দাওয়া করছেন পথে এবং চলছে নানা এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান তখন কলকাতার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়ালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। রাস্তায় দাঁড়িয়ে মানুষের উদ্দেশে পুরমন্ত্রী বললেন, ‘রাত ১০টার পরেও বাজির আওয়াজ। শেষে থাকতে না পেরে রাস্তায় নামতে হল। বড়রা করছে, ছোটরা নয়। কুকুর-বিড়াল-পশুদের কথা ছেড়েই দিলাম। ওদের কথা কেউ ভাবে না। অনেক কুকুরের ইতিমধ্যেই হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। একটু মানুষের কথা তো ভাবুন! অনেক বয়স্ক মানুষ রয়েছেন, তাঁদের কথা ভাবুন।’

আরও পড়ুন:  ধর্ষণের মামলা সাজিয়ে তোলাবাজির অভিযোগ! পঞ্চসায়র থানার মামলায় মহিলা গ্রেফতার

বায়ুদূষণ নিয়ন্ত্রণে বাজি নিয়ে কড়া নিয়ম জারি করেছে রাজ্য সরকার। বেঁধে দেওয়া হয় কিছু নিয়ম-বিধি। সেটাই খতিয়ে দেখতেই রাতেই অভিযানে নামেন পুরমন্ত্রী। দক্ষিণ কলকাতার নানা জায়গায় ঘুরে দেখেন তিনি। পুলিশের গাড়িতেই একপ্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যান পুরমন্ত্রী। বেশ কয়েক জায়গায় কড়া ভাষায় নির্দেশ দিতেও দেখা গিয়েছে তাঁকে। রাজ্য সরকারের পক্ষ থেকে আগেই কালীপুজো এবং ছটপুজোয় বাজি ফাটানো নিয়ে বেশ কিছু বিধি নিষেধ জারি করা হয়েছে। শুধু পরিবেশবান্ধব ‘গ্রিন ক্র্যাকার্স’ ফাটানোর অনুমতি দেওয়া হয়েছিল। শব্দবাজির ক্ষেত্রে সর্বোচ্চ শব্দসীমা ১২৫ ডেসিবেল এবং অন্যান্য ক্ষেত্রে ৯০ ডেসিবেল নির্ধারণ করা হয়। কিন্তু তা মানতে দেখা যায়নি বেশিরভাগ মানুষজনকেই। এই পরিস্থিতি দেখে অগ্নিমিত্রার অনুরোধ, ‘মানুষকে এটাই বলার, আনন্দ হবেই। কিন্তু আশেপাশের মানুষের কথা ভাবুন।’

আরও পড়ুন:  বঙ্গ সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি, নবীনদের পাঠ দিতেই নীতিন আগমন

তাছাড়া কালীপুজোর রাতে সব নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়েই চলল দেদার শব্দবাজি ফাটানো। আর তার জেরেই রাতের শহরের বাতাসে মিশে যায় বারুদের তীব্র গন্ধ। একিউআই কোথাও ৩০০ আবার কোথায় ৪০০ পার করে গিয়েছে। এই পরিস্থিতিতে পুরমন্ত্রী অগ্নিমিত্রা বলেন, ‘অফিসাররা ছিলেন। রাস্তায় রাস্তায় ঘুরে এখন পরিস্থিতি অনেকটাই থেমেছে। রাত ৯-১০টায় দক্ষিণ কলকাতায় টেকা যাচ্ছিল না।’

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment