জলমগ্ন হয়ে পড়ল উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকা, সকাল থেকেই দুর্ভোগে বাসিন্দারা

By Suman Debnath

November 9, 2026 12:25 PM

জলমগ্ন হয়ে পড়ল উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকা, সকাল থেকেই দুর্ভোগে বাসিন্দারা


কালীপুজোর পরদিন সকালের শুরু ভালভাবে হলেও তা বেশিক্ষণ স্থায়ী হল না। কারণ একদিকে পানীয় জলের গতি কমে গেল। অপরদিকে উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ল। আর তাতেই সাধারণ মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। আর পাঁচটা দিনের মতোই দিনের শুরু হলেও বেলা বাড়তেই পাল্টে গেল ছবিটা। আচমকাই উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকায় কমে গেল পানীয় জলের গতি। কোথাও জল পড়তে থাকে অত্যন্ত ধীর গতিতে, আবার কোথাও সম্পূর্ণ বন্ধ হয়ে গেল জল সরবরাহ। টালা এলাকায় একটি বড় জলের পাইপ ফেটে যাওয়ার জেরেই এই বিপত্তি ঘটেছে বলে খবর।

স্থানীয় সূত্রে খবর, সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ টালা রেলস্টেশনের কাছে রেলগেট সংলগ্ন টালা সেতুর ঠিক নীচে এই জলের পাইপ ফেটে যাওয়ার ঘটনা ঘটে। টালা রেল ইয়ার্ডের মধ্যে থাকা ব্রিটিশ আমলের প্রায় ৭২ ইঞ্চি ব্যাসের একটি পুরনো পাইপলাইন ফেটে যেতেই জলমগ্ন হয়ে পড়ে এলাকা। এই পাইপলাইনের মাধ্যমেই টালা থেকে শহরের একাধিক এলাকায় জল সরবরাহ করা হয়। সুতরাং পাইপ ফেটে যাওয়ার জেরেই জল সরবরাহে ব্যাপক প্রভাব পড়েছে। পানীয় জল না পেয়ে অনেকে হাহাকার শুরু করেছে। আবার সকালে যাঁরা অফিস যাওয়ার জন্য বেরিয়েছেন তাঁদের জল ঠেঙিয়ে যেতে হল। এখানে অনেকগুলি পাইপের মধ্যে শুধু একটিমাত্র পাইপে এই বিপত্তি হওয়ায় জল সরবরাহে খুব একটা সমস্যা হবে না বলেই জানিয়েছে কলকাতা পুরসভা।

আরও পড়ুন:  সাইবার প্রতারণার ফাঁদে যুবক, খোয়ালেন ১ লক্ষ ৪৭ হাজার টাকা, গ্রেপ্তার তরুণী

কিন্তু এই ঘটনার জেরে পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। অনেকেই পানীয় জল কিনেছেন বলে খবর। প্রবীণ মানুষজন বেশি করে সমস্যায় পড়েছেন। উত্তর কলকাতা এবং সেখানে থাকা দোকান-বাজারও এই সমস্যার সম্মুখীন হয়েছে। তবে দ্রুত এই সমস্যার সমাধান করা হচ্ছে বলে কলকাতা পুরসভা সূত্রে খবর। যেহেতু বহু পুরনো পাইক তাই মেরামত করতে একটু সময় লাগছে। তবে অচিরেই তা ঠিক হয়ে যাবে এবং জল সরবরাহ চালু হয়ে যাবে। এই পাইপ ফেটে যাওয়ায় বনমালী সরকার স্ট্রিট-সহ সংলগ্ন বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে বনমালী সরকার স্ট্রিটে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

তাছাড়া বনমালী সরকার স্ট্রিটের এই এলাকাটি আগে কলকাতা পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ছিল। এখন সেটি ৯ নম্বর ওয়ার্ডের অধীনে চলে গিয়েছে। সকালে হঠাৎ জল সরবরাহ ব্যাহত হওয়ায় সমস্যায় পড়েন উত্তর কলকাতার বহু এলাকার বাসিন্দারা। ফেটে যাওয়া পাইপলাইন মেরামতির কাজ এবং পরিস্থিতি স্বাভাবিক করার প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে কলকাতা পুরসভা।

আরও পড়ুন:  ১৩-১৪ আগস্ট 'দেশভাগ স্মরণ দিবস' পালনের নির্দেশ নবান্নের

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment