বায়ু দূষণ ঠেকাতে বেধে দেওয়া হয়েছিল কড়া নিয়মবিধি। নিষিদ্ধ হয়েছিল শব্দবাজি। কিন্তু তাতে কোনও কাজ হয়নি। সরকারি নির্দেশিকাকে পাত্তা না দিয়েই চলল দেদার বাজি ফাটানো। কালীপুজোর রাতে নিষিদ্ধ বাজি পোড়ানো ও বিশৃঙ্খলা ছড়ানোর অভিযোগে ৫৯২ জনকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ। সেই সঙ্গে ২৩৮ কেজিরও বেশি নিষিদ্ধ বাজি উদ্ধার হয়েছে।
কলকাতা পুলিশ সূত্রের খবর, নিষিদ্ধ শব্দবাজি ফাটানোর অভিযোগে কলকাতায় ২০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভব্য আচরণের অভিযোগে ৩৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ২৩৮.৫ কেজি শব্দ বাজি বাজেয়াপ্ত করা হয়েছে। সেই সঙ্গে ৬ লিটার মদ বাজেয়াপ্ত হয়েছে।
এসবের পাশাপাশি রাস্তার উপরেও কড়া নজর রেখেছিল ট্রাফিক পুলিশ। হেলমেট ছাড়া মোটরবাইক চালানোর অভিযোগে ৩৩২ জন এবং পিছনের আসনে হেলমেট না পরে বসার জন্য ১২২ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে ৭৫ জন এবং নেশা করে গাড়ি চালানোর জন্য ৬৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। সব মিলিয়ে ট্র্যাফিক আইন ভাঙার অভিযোগে ৫৯৩টি মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: কালীপুজোর রাতে কলকাতার বাতাসে বাড়ল বিষের মাত্রা, একিউআই পেরোল ৪০০
কালীপুজোয় বাজি ফাটানো নিয়ে একাধিক বিধিনিষেধ জারি করেছিল রাজ্য সরকার। রবিবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত বাজি পোড়ানো যাবে বলে জানানো হয়েছিল। কিন্তু সেই নির্দেশিকাকে না মেনেই বাজির তাণ্ডব দেখল শহরবাসী। যদিও এদিকে নিষিদ্ধ বাজি রুখতে রবিবার রাতেই কলকাতা পুলিশের গাড়িতে করে শহরের বিভিন্ন এলাকায় ঘোরেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল।
Leave a Comment