আগরতলা, ১ অক্টোবর: ত্রিপুরায় কর্তব্যরত অবস্থায় নিজের সার্ভিস রাইফেলের গুলিতে এক বিএসএফ জওয়ানের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত বড়জোস সীমান্ত এলাকায়।
জানা গেছে, বড়জোস সীমান্তে কর্তব্যরত ছিলেন বিএসএফ জওয়ান নগেন্দ্র কুমার। তিনি রাজস্থানের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। ডিউটিরত অবস্থাতেই নিজের সার্ভিস রাইফেলের গুলিতে তিনি গুরুতরভাবে আহত হন।
গুলির শব্দ শুনে তাঁর সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। খবর পেয়ে বামুটিয়া পুলিশ ফাঁড়ির পুলিশও ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে।
কীভাবে এবং কোন পরিস্থিতিতে জওয়ানটি নিজের সার্ভিস রাইফেলের গুলিতে আহত হলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি আত্মহত্যা, নাকি অস্ত্র ব্যবহারের সময় কোনও দুর্ঘটনার কারণে এই ঘটনা ঘটেছে—তা এখনও স্পষ্ট নয়। তদন্তের পরই ঘটনার প্রকৃত কারণ পরিষ্কার হবে বলে জানা গেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে। ঘটনার পর সীমান্ত এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Comment