ইরানের সঙ্গে পরোক্ষভাবে বাণিজ্যিক লেনদেনে সাহায্য করার অভিযোগ এক ভারতীয় দম্পতি-সহ চার ভারতীয় নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা। তাঁদের পরিচালিত সংস্থার সঙ্গে তুরস্কের একটি সংস্থার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বুধবার মার্কিন রাজস্ব দপ্তর এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
মার্কিন প্রশাসন সূত্রে খবর, চণ্ডীপড়ের বাসিন্দা সুনীলকুমার শর্মা এবং যশপ্রীত প্রীতি শাহিদ নামে ওই দম্পতি ইরানের তেল পরিবহণকারী জাহাজগুলিকে বেআইনিভাবে রেজিস্ট্রেশন ও ছাড়পত্র পেতে সাহায্য করতেন। তাঁদের সংস্থা জাহাজগুলির জন্য জাল নথি ও শংসাপত্রের ব্যবস্থা করত বলেও অভিযোগ। উল্লেখ্য, সংশ্লিষ্ট জাহাজগুলির উপর আগে থেকেই মার্কিন নিষেধাজ্ঞা জারি ছিল। এই কাজে যুক্ত থাকার অভিযোগে আরও দুই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে ওয়াশিংটন। তাঁরা হলেন অশ্বিনীকুমার ধীমান এবং ইশবিন্দর সিং।
ইরানের তেল বিক্রির অর্থ যাতে সামরিক খাতে বা আমেরিকার বিরুদ্ধে ব্যবহৃত না হয়, সেই উদ্দেশে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অভিযানের আওতায় ইরান থেকে তেল নিয়ে যাওয়া কিংবা ইরানের উদ্দেশে তেল পরিবহণকারী জাহাজগুলির উপর নিষেধ আনা হয়েছে। পাশাপাশি, তেহরানকে আর্থিকভাবে লাভবান করতে পারে, এমন কোনও প্রত্যক্ষ বা পরোক্ষ বাণিজ্যিক কর্মকাণ্ডে যুক্ত ব্যক্তি ও সংস্থার বিরুদ্ধেও কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা।
Leave a Comment