---Advertisement---

বাদ পড়েও হার মানেননি সূর্য! ৩ ঘণ্টায় ১০০০ বল খেলে বার্তা, আগরকর-গম্ভীরের নজরে ফিরতে মরিয়া বিশ্বজয়ী অধিনায়ক

By Suman Debnath

July 28, 2026 3:40 PM

বাদ পড়েও হার মানেননি সূর্য! ৩ ঘণ্টায় ১০০০ বল খেলে বার্তা, আগরকর-গম্ভীরের নজরে ফিরতে মরিয়া বিশ্বজয়ী অধিনায়ক

---Advertisement---


ভারতীয় দলে জায়গা হারিয়েছেন, টি-টোয়েন্টি অধিনায়কত্বও আর তাঁর হাতে নেই। তবুও লড়াই থেকে সরে দাঁড়ানোর কোনও ইঙ্গিত নেই সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav)। বরং নতুন উদ্যমে জাতীয় দলে ফেরার প্রস্তুতি শুরু করেছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক। মুম্বইয়ে কঠোর অনুশীলনের ভিডিও প্রকাশ করে সূর্য যেন নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar) এবং প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)-কে স্পষ্ট বার্তাই দিলেন—তিনি এখনও শেষ হয়ে যাননি।

সম্প্রতি সমাজমাধ্যমে নিজের অনুশীলনের একটি ভিডিও পোস্ট করেছেন সূর্যকুমার। সেখানে দেখা যাচ্ছে, মুম্বইয়ের বাসু পরাঞ্জপে ক্রিকেট অ্যাকাডেমিতে (Basu Paranjape Cricket Academy) দৌড়, ফিটনেস ড্রিল এবং দীর্ঘ সময় ধরে নেটে ব্যাটিং করছেন তিনি। পোস্টের ক্যাপশনে সূর্য লিখেছেন, “রবিবারটা দারুণ কাটল। দৌড়ালাম, আর তিন ঘণ্টায় ১০০০ বল খেললাম। দারুণ অনুভূতি।”

এই পোস্ট ঘিরেই নতুন করে শুরু হয়েছে আলোচনা। দীর্ঘদিন ধরে ব্যাট হাতে ধারাবাহিক রান না পাওয়ায় ভারতীয় দল থেকে বাদ পড়তে হয়েছে সূর্যকে। গত দুই বছরে প্রত্যাশামতো পারফরম্যান্স না করায় নির্বাচকরা তাঁর পরিবর্তে নতুন মুখদের সুযোগ দিয়েছেন। সেই কারণেই নিজের ব্যাটিং দক্ষতা আরও শান দিতেই কঠোর অনুশীলনে মন দিয়েছেন বলে মনে করছেন ক্রিকেট মহলের একাংশ।

আরও পড়ুন:  মরসুমের প্রথম ডার্বি জয়ের গোল এক বিশেষ মানুষকে উৎসর্গ করলেন সহাল আবদুল সামাদ, কে তিনি?

সূত্রের মতে, ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো পারফরম্যান্স করে আবার জাতীয় দলে ফিরতে চান সূর্য। তাঁর সাম্প্রতিক অনুশীলনের ভিডিও অনেকের কাছেই নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টের উদ্দেশে একটি ইতিবাচক বার্তা হিসেবে ধরা পড়েছে।

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর সূর্যকুমারকে অধিনায়কত্ব থেকে সরানোর সিদ্ধান্ত নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল। সেই সময় নির্বাচক প্রধান অজিত আগরকর জানিয়েছিলেন, সিদ্ধান্তটি সহজ ছিল না। তাঁর কথায়, বিশ্বকাপজয়ী অধিনায়ককে সরানো কঠিন হলেও ভবিষ্যতের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগরকর আরও স্পষ্ট করেছিলেন, শুধুমাত্র সূর্যের ব্যাটিং ফর্মই এই সিদ্ধান্তের কারণ নয়। আগামী কয়েক বছরের পরিকল্পনা মাথায় রেখেই নতুন নেতৃত্ব বেছে নেওয়া হয়েছে। তাঁর মতে, শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)-কে নেতৃত্বের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ।

২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মা (Rohit Sharma) আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলে সূর্যকুমারের হাতে নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে তাঁকে শুধু অধিনায়কত্ব থেকেই নয়, জাতীয় দল থেকেও বাদ দেওয়া হয়। তারপর থেকেই তাঁর আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে।

আরও পড়ুন:  ‘এই যাত্রাটাই সবচেয়ে সুন্দর’— ফাইনালের আগে আবেগঘন পোস্ট মেসির, অবসর জল্পনায় তোলপাড় ফুটবল বিশ্ব

এরই মধ্যে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর সূর্য নিজের লক্ষ্য হিসেবে ২০২৮ সালের অলিম্পিক্সে ভারতের হয়ে সোনা জয় এবং একই বছরে আরও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার কথা বলেছিলেন। তবে সেই স্বপ্ন পূরণ করতে হলে প্রথমেই জাতীয় দলে ফিরতে হবে তাঁকে।

সেই লক্ষ্যেই এখন ঘাম ঝরাচ্ছেন সূর্যকুমার যাদব। দল থেকে বাদ পড়লেও যে তিনি লড়াই ছাড়েননি, তাঁর সাম্প্রতিক অনুশীলনের ভিডিও সেই বার্তাই স্পষ্ট করে দিয়েছে। এখন দেখার, ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্সের মাধ্যমে তিনি আবার ভারতীয় দলে জায়গা করে নিতে পারেন কি না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে



Google News







এবং Google Discover



Google Discover



-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment