পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ফের জঙ্গি হামলায় রক্ত ঝরল। হাঙ্গু জেলার খাজিনা বান্দা পুলিশচৌকিতে সশস্ত্র হামলায় এক ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ-সহ ৭ পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২২ জন। বুধবার গভীর রাতে এই হামলার ঘটনা ঘটে।
পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে খবর, একদল সশস্ত্র জঙ্গি আচমকা পুলিশচৌকিতে হামলা চালায়। তারা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় পুলিশও।পুলিশের দাবি, দীর্ঘক্ষণ গুলির লড়াইয়ের পর হামলাকারীদের মধ্যে অন্ততপক্ষে ৮ জন নিহত এবং ৬ জন আহত হয়। বাকিরা পালিয়ে যায়। গোটা এলাকা জুড়ে তল্লাশি অভিযান চলছে।
এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। তবে পাকিস্তানের নিরাপত্তা মহলের প্রাথমিক অনুমান, এর পিছনে নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপির হাত থাকতে পারে। সম্প্রতি দক্ষিণ খাইবার পাখতুনখোয়া ও বাজৌর জেলায় একাধিক হামলার দায় নিয়েছিল এই সংগঠন।
এই হামলার কয়েক ঘণ্টা আগেই পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছিল, খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে পৃথক অভিযানে ৩২ জন জঙ্গিকে হত্যা করা হয়েছে। তার মধ্যেই পুলিশচৌকিতে হামলার ঘটনায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।
হামলার নিন্দা করেছেন পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। প্রধানমন্ত্রী বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পুলিশ প্রথম সারিতে রয়েছে এবং দেশ থেকে সব ধরনের সন্ত্রাসবাদ নির্মূলে সরকার বদ্ধপরিকর। প্রাদেশিক সরকারও ঘটনার বিস্তারিত রিপোর্ট তলব করেছে এবং আহত পুলিশকর্মীদের চিকিৎসা ও নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছে।
২০২১ সালে আফগানিস্তানে তালিবান ক্ষমতায় ফেরার পর থেকেই খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে জঙ্গি হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সীমান্তবর্তী এই দুই প্রদেশ এখনও পাকিস্তানের সবচেয়ে অশান্ত এলাকা হিসেবে বিবেচনায় রয়েছে।
Leave a Comment