একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ঘেঁষতে দিতেন না, আর এখন দলের দুঃসময়ে তাঁরাই সরে গিয়েছেন! অরূপ বিশ্বাস ও ফিরহাদ হাকিমকে নিশানা করে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। একইসঙ্গে, দল ছেড়ে যাওয়া নেতাদের আর তৃণমূলে ফিরিয়ে না নেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়েছেন তিনি। অসিতের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভালোবাসা থেকে নয়, বরং নিজেদের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যেই অনেকে তৃণমূলে এসেছিলেন।
শ্রীরামপুরে হুগলি জেলা মমতা তৃণমূলের কনভেনার অসিত মজুমদার বলেন, “আমরা যাঁদের যন্ত্রণায় ছিলাম, এই অরূপ-ববিরা দিদির কাছে আমাকে ঘেঁষতে দিত না। আজ তাঁরা বেইমানি করেছে। দিদিকে পিছন থেকে ছুরি মেরেছে। কেউ বেইমানদের মেনে নেবে না।” একসময় দলের গুরুত্বপূর্ণ পদে থাকা নেতাদের এখন আর পাশে পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ তাঁর।
অসিতের কথায়, “তাঁরা যেন আর ফিরে না আসে। তাঁরা হারিয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে। পারিবারিক কাজ করবে বলে চলে গিয়েছে। তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে আসেননি। সব ধান্দায় এসেছিল।” দল ছেড়ে যাওয়া নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তাঁর দাবি, যাঁরা একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার কথা বলতেন, তাঁদের অনেকেই এখন সরে গিয়েছেন।
দল ছেড়ে অন্য দলে যোগ দেওয়া নেতাদের আর তৃণমূলে ফেরানো উচিত নয় বলেও মনে করেন অসিত মজুমদার। এই বিষয়ে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মহুয়া মৈত্রকে অনুরোধ করেছেন বলেও জানান তিনি। অসিতের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে তৃণমূল কংগ্রেসের কোনও অস্তিত্ব নেই। তাঁর কথায়, “মমতা মানেই তৃণমূল, আর তৃণমূল মানেই মমতা।”
Leave a Comment