আগরতলা, ২৭ অক্টোবর ২০২৬: ত্রিপুরার ২১টি পুর সংস্থার আসন্ন নির্বাচনকে ঘিরে রাজ্য রাজনীতিতে তৎপরতা তুঙ্গে। আগামী কয়েক দিনের মধ্যেই পুর নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে বলে রাজনৈতিক মহলে জল্পনা চলছে। এই পরিস্থিতিতে নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে মঙ্গলবার আগরতলা পুর নিগমের ৫১টি ওয়ার্ডের কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা। পাশাপাশি, সন্ধ্যায় রাজ্য অতিথিশালায় বিজেপির শীর্ষ নেতৃত্ব, মন্ত্রী ও বিধায়কদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক।
আগরতলা পুর নিগমের কাউন্সিলরদের সঙ্গে বৈঠকের পর রাজ্য অতিথিশালায় যান মুখ্যমন্ত্রী। সেখানে আসন্ন পুর নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক প্রস্তুতি, সম্ভাব্য প্রার্থী নির্বাচন এবং বিভিন্ন ওয়ার্ডের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সংগঠন মন্ত্রী রবীন্দ্র রাজু, সাংসদ বিপ্লব কুমার দেব, মন্ত্রী রতনলাল নাথ, মন্ত্রী টিংকু রায়, প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়-সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্য ও শাসক দলের বিধায়করা।
বৈঠক শেষে সাংসদ বিপ্লব কুমার দেব জানান, আসন্ন পুর নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি দেশজুড়ে কমিউনিস্টদের কার্যকলাপের বিরুদ্ধে রাজনৈতিক কর্মসূচি গ্রহণের বিষয়েও আলোচনা হয়েছে।
তাঁর অভিযোগ, দেশের সংবিধান ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করার পাশাপাশি জাতীয় ঐক্য ও অখণ্ডতা ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, বিধানসভা এবং সংসদীয় ব্যবস্থার মর্যাদা রক্ষার বিষয়েও তিনি বক্তব্য রাখেন।
বিপ্লব দেবের বক্তব্য অনুযায়ী, এই বিষয়গুলি জনসমক্ষে তুলে ধরতে সংবাদ সম্মেলন-সহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি গ্রহণের পরিকল্পনা রয়েছে। আগামী দিনে কীভাবে কর্মসূচিগুলি বাস্তবায়িত হবে, সে বিষয়ে দলের নেতৃত্ব পরবর্তী সময়ে বিস্তারিত জানাবেন।
অন্যদিকে, প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায় জানান, বৈঠকে আসন্ন পুর নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। খুব শীঘ্রই প্রার্থীদের তালিকা ঘোষণা করা হতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন।
এসআইআর-সহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধীরা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। এর বিরুদ্ধে বিজেপি রাজনৈতিকভাবে মোকাবিলা করবে বলেও জানান প্রদেশ সভাপতি।
আসন্ন পুর নির্বাচনকে ঘিরে সবচেয়ে বড় প্রশ্ন এখন আগরতলা পুর নিগমের মেয়র পদ নিয়ে। সূত্রের খবর, সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের পাশাপাশি বিভিন্ন ওয়ার্ডে গ্রহণযোগ্য মুখ চিহ্নিত করার বিষয়েও আলোচনা হয়েছে।
বর্তমান মেয়র দীপক মজুমদারকেই সামনে রেখে বিজেপি নির্বাচনে লড়বে, নাকি মেয়র পদে অন্য কোনও মুখকে বিবেচনা করা হবে—তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা বাড়ছে।
মেয়র পদে সম্ভাব্য মুখ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী মানিক সাহা জানান, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দল। তবে এখনও পর্যন্ত বিজেপির পক্ষ থেকে মেয়র পদ বা প্রার্থী তালিকা নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
সব মিলিয়ে, পুর নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই সাংগঠনিক প্রস্তুতি এবং প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়ায় গতি আনতে চাইছে বিজেপি। এখন নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণা এবং শাসক দলের চূড়ান্ত প্রার্থী তালিকার দিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।
Leave a Comment