কমিউনিস্টদের ওষুধ দেওয়ার প্রস্তুতি নিয়েছে বিজেপি : বিপ্লব কুমার দেব
আগরতলা, ২৭ অক্টোবর: আসন্ন পুর নির্বাচন এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে বিরোধীদের বক্তব্যের জবাব দিতে সাংগঠনিকভাবে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে প্রদেশ বিজেপি। এই দুই বিষয়কে সামনে রেখে মঙ্গলবার আগরতলার রাজ্য অতিথিশালায় অনুষ্ঠিত হয় এক ম্যারাথন বৈঠক। বৈঠকে পৌরোহিত্য করেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, ত্রিপুরার সংগঠনমন্ত্রী জি. আর. রবীন্দ্র রাজু, সাংসদ বিপ্লব কুমার দেব, মন্ত্রিসভার সদস্য, শাসক দলের বিধায়ক এবং বিভিন্ন মণ্ডলের সভাপতিরা।
দীর্ঘ কয়েক ঘণ্টার বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদ বিপ্লব কুমার দেব জানান, আসন্ন আরবান বডি নির্বাচন এবং বিজেপির সর্বভারতীয় কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তাঁর বক্তব্য, ভারতবর্ষের ঐক্য এবং সংসদীয় ব্যবস্থাকে দুর্বল করার চেষ্টা করছে কমিউনিস্ট ও অন্যান্য বিরোধী দলগুলি। তাদের এই ভূমিকার মোকাবিলা করতে এবং মানুষের সামনে বিরোধীদের অবস্থান তুলে ধরতে বিজেপি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে বলেও জানান তিনি।
বিপ্লব কুমার দেব আরও অভিযোগ করেন, কমিউনিস্টরা দেশে অরাজকতা সৃষ্টি করতে চাইছে। কীভাবে রাজনৈতিকভাবে এই পরিস্থিতির মোকাবিলা করা যায়, তা নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে বলে তিনি জানান।
অন্যদিকে, প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায় কংগ্রেসকে আক্রমণ করে বলেন, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় ফিরতে পারবে না বলেই কংগ্রেস বিভিন্ন বিষয়কে সামনে এনে রাজনীতি করছে। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিবারকে নিয়ে মন্তব্য করার পাশাপাশি SIR-এর বিরুদ্ধেও আন্দোলনের ডাক দিচ্ছে কংগ্রেস।
অভিষেক দেবরায়ের দাবি, কংগ্রেসের শাসনকালেও SIR হয়েছে। সাংবিধানিক প্রক্রিয়া নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। SIR সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করতে বিজেপি কর্মীরা প্রচার চালাবেন বলেও জানান প্রদেশ বিজেপি সভাপতি।
তিনি আরও বলেন, রাজ্যের মানুষ অতীতের রাজনৈতিক সন্ত্রাস ও হত্যাকাণ্ডের ঘটনা দেখেছেন। সেই অভিজ্ঞতার কারণে মানুষ এখন অনেক বেশি সচেতন ও সংগঠিত বলে দাবি করেন তিনি।
সব মিলিয়ে, আসন্ন পুর নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করার পাশাপাশি SIR ইস্যুতেও বিরোধীদের রাজনৈতিকভাবে মোকাবিলা করতে চাইছে প্রদেশ বিজেপি। মঙ্গলবারের এই বৈঠক থেকে দলের আগামী দিনের কর্মসূচি ও প্রচার কৌশল নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।
Leave a Comment