দেশভাগের যন্ত্রণাবিদ্ধ ইতিহাসের এক বড় ক্ষতে যেন কিছুটা হলেও শান্তির প্রলেপ পড়ল। টানা ৭৯ বছর বন্ধ থাকার পর অবশেষে পাকিস্তানে বসবাসকারী শিখ পুণ্যার্থীদের জন্য দরজা খুলে গেল লাহোরের একটি ঐতিহাসিক গুরুদ্বারের। দীর্ঘ সংস্কার পর্ব শেষে গত রবিবার লাহোরের টেম্পল রোডে অবস্থিত গুরুদ্বার ছেভিন পাতশাহি শ্রী গুরু হরগোবিন্দ সাহিব (Gurdwara Chhevin Patshahi Sri Guru Hargobind Sahib) আনুষ্ঠানিকভাবে ফের উপাসনার জন্য খুলে দেওয়া হয়েছে। ১৯৪৭ সালের রক্তাক্ত ভারতভাগের পর থেকেই এই পবিত্র শিখ ধর্মস্থানটি বন্ধ অবস্থায় পড়েছিল।
শিখ ঐতিহ্য মেনে উদ্বোধন
রবিবার শিখ ধর্মীয় রীতিনীতি মেনে পূর্ণ মর্যাদায় এই গুরুদ্বারটির দরজা খোলা হয়। এই আবেগঘন অনুষ্ঠানে স্থানীয় শিখ সম্প্রদায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী এবং পাকিস্তান শিখ গুরুদ্বার প্রবন্ধক কমিটির (PSGPC) সভাপতি রমেশ অরোরা এবং ইভাকুই ট্রাস্ট প্রপার্টি বোর্ডের (ETPB) সচিব নাসির মুস্তাক।
After 79 years, Sikhs did ardaas inside Gurdwara Chhevin Patshahi in Lahore again this week. Occupied since Partition. Freed last week. Kirtan echoing in a hall Guru Hargobind Sahib graced in 1619, rebuilt by Maharaja Ranjit Singh. Here’s the part nobody’s sitting with: some of our most sacred ground has been on the “other side” of a line drawn in 1947 and this week, that side gave one back. What does “homeland” even mean for a community whose Gurus’ footsteps are split across a border?
— Harteerath Singh Ahluwalia (@HarteerathSingh) July 14, 2026
মন্ত্রী রমেশ অরোরা জানিয়েছেন, ঐতিহাসিক এই ধর্মস্থানের সংস্কারের কাজ সম্পূর্ণ হয়েছে এবং এখন থেকে শিখ সম্প্রদায়ের মানুষেরা এখানে নিয়মিত উপাসনা করতে পারবেন। তিনি আরও জানান যে, পাকিস্তানে ছড়িয়ে থাকা শিখদের ধর্মীয় ঐতিহ্য ও ইতিহাসকে রক্ষা করতে এবং তীর্থযাত্রীদের সুবিধার্থে দেশজুড়ে আরও ৫০টি গুরুদ্বারের সংস্কারের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। নাসির মুস্তাক জানান, ভবিষ্যৎ প্রজন্মের কাছে লাহোরের ঐতিহাসিক ও ধর্মীয় ঐতিহ্য তুলে ধরাই এই গুরুদ্বার চালুর মূল উদ্দেশ্য।
স্মৃতিবিজড়িত ইতিহাস
লাহোরের এই গুরুদ্বারটির সঙ্গে জড়িয়ে রয়েছে শিখ ধর্মের এক গর্বের ইতিহাস। শিখদের ষষ্ঠ গুরু হরগোবিন্দ সাহিব (১৫৯৫-১৬৪৪) ছিলেন একাধারে সন্ত এবং যোদ্ধা, যিনি শিখদের ধর্মীয় নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সামরিকভাবে সংগঠিত করেছিলেন। ইতিহাস বলছে, লাহোরের শিখ সম্প্রদায়ের আমন্ত্রণে সাড়া দিয়ে গুরু হরগোবিন্দ সাহিব তাঁর ভক্ত ভাই জীবনের বাড়িতে তিন দিন অবস্থান করেছিলেন, আর সেই বাড়িটিকেই পরে গুরুদ্বারে পরিণত করা হয়।
এই মন্দিরটির সঙ্গে শিখ প্রচারক ও সামরিক কমান্ডার ভাই বিধি চাঁদের নামও ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। ভক্তরা গুরু হরগোবিন্দ সাহিবের জন্য দিলবাগ ও গুলবাগ নামে দুটি চমৎকার ঘোড়া উপহার হিসেবে পাঠিয়েছিলেন, যা তৎকালীন মুঘল গভর্নর মাঝপথেই কেড়ে নিয়েছিলেন। মুঘলদের হাত থেকে সেই ঘোড়াগুলি পুনরুদ্ধার করতে ভাই বিধি চাঁদ দু’বার লাহোরে এসেছিলেন এবং এই গুরুদ্বারেই আত্মগোপন করেছিলেন বলে ইতিহাসে উল্লেখ রয়েছে।
দেশভাগের রক্তাক্ত স্মৃতি
মূল মন্দিরটি মহারাজা রণজিৎ সিংয়ের আমলে নির্মিত হয়েছিল বলে মনে করা হয়। ১৯১৫ সালে স্থানীয় শিখরা এর সম্প্রসারণ করেন এবং ১৯২৭ সালে শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি (SGPC) এর প্রশাসনিক দায়িত্বভার গ্রহণ করে। কিন্তু ১৯৪৭ সালের দেশভাগ ও দাঙ্গার কারণে এই গুরুদ্বারে নিয়মিত প্রার্থনা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। শিখদের ঐতিহাসিক নথিপত্র অনুযায়ী, দেশভাগের সেই ভয়ঙ্কর হিংসার দিনগুলিতে এই মন্দির রক্ষা করতে গিয়ে শিখ সম্প্রদায়ের বহু মানুষকে প্রাণও দিতে হয়েছিল। দীর্ঘ ৭৯ বছর পর সেই ঐতিহাসিক ও স্মৃতিবিজড়িত মন্দির ফের চালু হওয়ায় স্বাভাবিকভাবেই এক নতুন অধ্যায়ের সূচনা হল।
Leave a Comment