২৯ ডিসেম্বর ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ, আমন্ত্রণ জানানো হতে পারে প্রধানমন্ত্রীকে

By Suman Debnath

November 9, 2026 6:25 PM

২৯ ডিসেম্বর ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ, আমন্ত্রণ জানানো হতে পারে প্রধানমন্ত্রীকে


দেশজুড়ে সনাতনী আচার ও ভাবধারার প্রচার এবং প্রসারের লক্ষ্যে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। সেই উদ্যোগের অংশ হিসেবে আগামী ২৯ ডিসেম্বর কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠের (Recitation of the Gita) আয়োজন করতে চলেছেন উদ্যোক্তারা। প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। আমন্ত্রণ জানানো হবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat) এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও (Amit Shah)।

উদ্যোক্তাদের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ওই দিন সকাল ৯টা থেকে বেলা ২টো পর্যন্ত চলবে গীতাপাঠের কর্মসূচি। শ্রীমদ্ভগবদ্গীতার দ্বিতীয়, দ্বাদশ ও পঞ্চদশ অধ্যায় পাঠ করা হবে। মুর্শিদাবাদের বেলডাঙা ভারত সেবাশ্রম সংঘের প্রধান স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ, যিনি কার্তিক মহারাজ নামে পরিচিত, তিনি জানিয়েছেন, জেলা থেকে মহকুমা এবং ব্লক স্তর পর্যন্ত প্রস্তুতির জন্য কমিটি গঠন করা হয়েছে। রাজ্যের প্রতিটি জেলায় প্রচারও চালানো হচ্ছে।

আরও পড়ুন:  কলকাতা পুরসভা আউট পুলিশ-দমকল ইন, অভিষেকের ক্যামাক স্ট্রিটের দপ্তরে ফায়ার অডিট

আরও পড়ুন: বক্সার এনক্লোজার ভেঙে ফের আসামের পথে বাঘিনি, রেডিও কলারের সিগন্যাল উধাও

কার্তিক মহারাজের কথায়, আগামী ২৯ ডিসেম্বর ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠের সংকল্প নেওয়া হয়েছে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রসিদ্ধ মন্দির ও মিশনের প্রধান, বৈষ্ণব গুরু এবং যোগগুরু রামদেবের উপস্থিত থাকার কথা। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) -সহ অন্যান্য মন্ত্রী ও নেতাদেরও আমন্ত্রণ জানানো হবে। আগামী ১২ নভেম্বরের বৈঠকে কর্মসূচির বিস্তারিত রূপরেখা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, শ্রীচৈতন্য মহাপ্রভুর স্মৃতিবিজড়িত নদিয়ার নবদ্বীপ ধামে প্রথম শ্রীমদ্ভগবদ্গীতা পাঠের সূচনা হয়েছিল। পরে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ১ লক্ষ ৩৭ হাজার মানুষের অংশগ্রহণে গীতাপাঠের আয়োজন করা হয়। এরপর শিলিগুড়ির কাওয়াখালীর মাঠে ১ লক্ষ ২৭ হাজার মানুষের উপস্থিতিতে একই কর্মসূচি হয়। পরবর্তী সময়ে বিধানসভা নির্বাচনের আগে যাতায়াতের সমস্যা থাকা সত্ত্বেও ব্রিগেডে প্রায় ৬ লক্ষ মানুষের সমাগম হয়েছিল বলে উদ্যোক্তাদের দাবি।

আরও পড়ুন:  ভূপেন হাজারিকার স্মৃতিবিজড়িত কলকাতার বাড়ি সংরক্ষণে উদ্যোগী আসাম সরকার

আরও পড়ুন: কল্যাণী মেডিক্যাল কলেজে উদ্বোধন ‘অভয়া উদ্যান’-এর, স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন প্রকল্পে ‘অভয়া’র নামকরণের প্রস্তাব স্বাস্থ্যমন্ত্রীর

কার্তিক মহারাজের বক্তব্য, বর্তমান সময়ে শ্রীমদ্ভগবদ্গীতা অত্যন্ত প্রাসঙ্গিক। মানুষের মধ্যে তৈরি হওয়া বিশৃঙ্খলতা ও মানসিক অবসাদ দূর করতে গীতার শিক্ষা প্রয়োজন। তাঁর দাবি, আগের বারের মতো এবারও সব ধর্মের মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

দেখুন:

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment