মিশরে দু’টি ট্রেনের সংঘর্ষে মৃত অন্তত ৭, আহত ১১২

By Suman Debnath

November 9, 2026 5:15 PM

মিশরে দু’টি ট্রেনের সংঘর্ষে মৃত অন্তত ৭, আহত ১১২


মিশরের কায়রোর কাছে দু’টি যাত্রিবাহী ট্রেনের সংঘর্ষে অন্ততপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১১২ জন। রবিবার গিজা প্রদেশের অল-অয়ত জেলায় দুর্ঘটনাটি ঘটে। একটি ট্রেন অন্যটির পিছনে ধাক্কা মারলে আসওয়ানগামী ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়।

মিশরের আধিকারিকদের বক্তব্য, গিজা থেকে ফায়োউমগামী একটি ট্রেন কায়রো থেকে আসওয়ানগামী ট্রেনের পিছনে ধাক্কা মারে। দুর্ঘটনার পর একাধিক কামরা লাইনচ্যুত হয়ে যায়। আহতদের দ্রুত অ্যাম্বুল্যান্সে করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উদ্ধারকাজে ৭০টিরও বেশি অ্যাম্বুল্যান্স মোতায়েন করা হয়েছিল বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ডিসেম্বরে বাংলাদেশে ফেরার প্রস্তুতি, নতুন পার্সপোর্ট চেয়ে দিল্লির দূতাবাসে চিঠি হাসিনার

মিশরের রেল আধিকারিকরা জানিয়েছেন, ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত কামরা ও ধ্বংসাবশেষ সরানো হয়েছে। দ্রুত লাইন পরিষ্কার করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, উল্টে যাওয়া কামরার ভিতরে অনেকে আটকে পড়েছিলেন। তাঁদের উদ্ধারে  হাত লাগান গ্রামবাসী ও উদ্ধারকর্মীরা।

আরও পড়ুন:  ‘দমবন্ধ হয়ে আসছে’! জীবনযাত্রার সঙ্কটে ইউরোপজুড়ে বিক্ষোভ, বাড়ছে জনতার ক্ষোভ

দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। তাঁর বক্তব্য, যাঁদের গাফিলতিতে এই দুর্ঘটনা ঘটেছে তাঁদের জবাবদিহি করতে হবে। উল্লেখ্য, মিশরের বহু মানুষ যাতায়াতের জন্য রেল পরিষেবার উপর নির্ভরশীল। তবে পুরনো রেল পরিকাঠামো এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠছে। ২০০২ সালে কায়রোর দক্ষিণে একটি যাত্রীবাহী ট্রেনে আগুন লেগে ৩৭০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

দেখুন:

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment