অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলায় পার্টি অফিস ভাঙা সংক্রান্ত মামলায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বুধবার সেই স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করলেন বিচারপতি শুভ্রা ঘোষ। আগামী ২১ আগস্ট পর্যন্ত স্থগিতাদেশ বাজায় থাকবে বলে আদালতের তরফে জানানো হয়েছে। ২০ আগস্ট এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার পার্টি অফিস ভাঙা সংক্রান্ত মামলায় স্থগিতাদেশ বজায় রাখার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই সময় বিচারপতি জানিয়েছিল, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন কোনও পদক্ষেপ নেওয়া যাবে না। এর পাশাপাশি রাজ্যকে মামলার সম্পূর্ণ নথি ও তথ্য আদালতে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষের আইনজীবী কিশোর দত্ত আদালতে জানিয়েছিলেন, সম্পত্তির মালিককে যথাযথভাবে শুনানির নোটিশ দেওয়া হয়নি। তিনি জানান, ৩০ জুন একটি নোটিশ দেওয়া হয়েছিল এবং ১৫ জুলাই শুনানির দিন ধার্য ছিল। কিন্তু মাত্র সাত দিন আগে শুনানির বিষয়ে জানানো হয়। এরপর আর কোনও আদেশের কপি না দিয়েই ভাঙার কাজ শুরু হয়ে যায়। পঞ্চায়েত আইনের বিধান অনুযায়ী মালিককে আগে নোটিশ দিয়ে অভিযোগ জানাতে হয় এবং শুনানির সুযোগ দিতে হয়।
এরপর বিচারপতি জানতে চান, ভাঙার নির্দেশের লিখিত আদেশ কোথায়। জবাবে কিশোর দত্ত বলেছিলেন, তাঁদের সেই আদেশের কপিই দেওয়া হয়নি। তিনি আরও অভিযোগ করেন, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভাঙার কাজ চলছে। এ সময় আবেদনকারীর তরফে বক্তব্য রাখার সুযোগ চাওয়া হলেও বিচারপতি জানান, সেই মর্মে কোনও আবেদন করা হয়নি।
আরও পড়ুন: বন্যা-ভাঙন মোকাবিলায় আগাম প্রস্তুতি, মালদহে চালু জেলা বিপর্যয় মোকাবিলা পরিকল্পনা
রাজ্যের পক্ষে অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র জানান, ৩০ জুন ১৬০(এ) ধারায় নোটিশ দেওয়া হয়েছিল এবং সংশ্লিষ্ট আইনি বিধানের উল্লেখও ছিল। তাঁর দাবি, আবেদনকারীরা তিন দিনের মধ্যেই তার উত্তর দিয়েছিলেন। পাশাপাশি তিনি বলেন, নির্মাণের কোনও বৈধ অনুমোদন ছিল না। সব পক্ষের বক্তব্য শোনার পর সেদিন আদালত নির্দেশ দিয়েছিল, মামলায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখতে হবে। এর পাশাপাশি নতুন কোনও পদক্ষেপ করা যাবে না। এরপরে বুধবার এই মামলায় স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট।
Leave a Comment