---Advertisement---

এফআইআর বিতর্কে হাই কোর্টে অভিষেককে ঘিরে রাজ্যের প্রশ্ন, ‘শুভেন্দুর মতো সিবিআই তদন্তও কি চান?’

By Suman Debnath

August 6, 2026 1:40 PM

এফআইআর বিতর্কে হাই কোর্টে অভিষেককে ঘিরে রাজ্যের প্রশ্ন, ‘শুভেন্দুর মতো সিবিআই তদন্তও কি চান?’

---Advertisement---


নজরবন্দি ব্যুরো: একের পর এক এফআইআর নিয়ে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) চলা মামলায় নতুন মোড়। বৃহস্পতিবার ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-এর আবেদন ঘিরে রাজ্য সরকার প্রশ্ন তোলে, তিনি কি বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-র মতো সিবিআই (CBI) বা অন্য কোনও স্বাধীন তদন্তকারী সংস্থার হাতে তদন্তভার তুলে দিতে চান? রাজ্যের দাবি, অভিষেকের আবেদনে এমন কোনও প্রার্থনা নেই, অথচ তিনি শুভেন্দুর মামলার নজির টানছেন।

বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্য (Sougata Bhattacharyya)-র বেঞ্চে শুনানির সময় রাজ্যের পক্ষে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য (Bilbadal Bhattacharya) বলেন, বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারী একাধিক এফআইআর-কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছিলেন। একইসঙ্গে তিনি তদন্ত পুলিশের পরিবর্তে সিবিআই বা স্বাধীন তদন্তকারী সংস্থার হাতে দেওয়ার আবেদনও করেছিলেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনে তেমন কোনও দাবি নেই বলে আদালতের নজরে আনা হয়।

আরও পড়ুন:  অভিষেকের সেবাশ্রয়ে চিকিৎসা করিয়ে খোঁড়া মহিলা, ডেকে পাঠালেন স্বাস্থ্যমন্ত্রী

রাজ্যের আইনজীবীর বক্তব্য, শুভেন্দুর মামলার সঙ্গে বর্তমান মামলার প্রকৃতি এক নয়। তাই আগের মামলার রায়কে ভিত্তি করে একই ধরনের আইনি সুরক্ষা দাবি করা যায় না। তাঁর প্রশ্ন, যদি অভিষেকও মনে করেন যে তদন্ত নিরপেক্ষ নয়, তবে তিনি কি সিবিআই তদন্তের আবেদন করছেন? আদালতে এই প্রশ্নই উত্থাপন করে রাজ্য।

অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষের আইনজীবীরা আগের শুনানিতে দাবি করেছিলেন, বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দুর বিরুদ্ধে ধারাবাহিকভাবে এফআইআর দায়েরের সময় হাই কোর্ট তাঁকে অন্তর্বর্তী সুরক্ষা দিয়েছিল। সেই নজির অনুসরণ করে অভিষেকের ক্ষেত্রেও আদালত যেন নির্দেশ দেয়, ভবিষ্যতে আদালতকে না জানিয়ে নতুন এফআইআর দায়ের করা না হয়।

শুনানিতে আদালতকে জানানো হয়, বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রায় ১৬টি এফআইআর দায়ের হয়েছে। সেই মামলাগুলিকে কেন্দ্র করেই তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন এবং একাধিক মামলায় সুরক্ষার আবেদন জানিয়েছেন।

আরও পড়ুন:  অভিষেককে নিশানা ঋতব্রতের, আমফান ত্রাণ ও ‘সেবাশ্রয়’ নিয়ে বিস্ফোরক অভিযোগ

গত শুনানিতে আদালত তিনটি মামলায় অভিষেকের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ না নেওয়ার নির্দেশ দিয়েছিল। বৃহস্পতিবারও বিচারপতি সেই অন্তর্বর্তী সুরক্ষা বহাল রাখেন। অর্থাৎ ওই তিনটি মামলায় আপাতত আগের নির্দেশই কার্যকর থাকবে।

বিচারপতি সৌগত ভট্টাচার্য এ দিন জানান, মামলার শুনানি প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। নির্দিষ্ট কয়েকটি আইনি বিষয়ে আরও শুনানি হওয়ার পর আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবে। সেই কারণে মামলার শুনানি মুলতবি রেখে আগামী ১১ আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

প্রসঙ্গত, এই মামলায় রাজ্যের বক্তব্য ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীদের যুক্তি আদালতের বিবেচনাধীন রয়েছে। আদালত এখনও এফআইআরগুলির বৈধতা বা তদন্তের বিষয়ে কোনও চূড়ান্ত রায় দেয়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment