বাগুইআটির বাগুইপাড়া এলাকার পুকুর থেকে উদ্ধার হল অজ্ঞাতপরিচয় এক মহিলার মৃতদেহ। এই ঘটনা সামনে আসতেই শনিবার সকালে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে এলাকায়। খুন করে কেউ বা কারা ফেলে দিয়ে গিয়েছেন দেহ বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। কেউ কেউ ধর্ষণের অভিযোগও করছেন। যদিও এমন পরিস্থিতিতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছে পুলিশ। এই পুকুরে মহিলার দেহ কেমন করে এল? স্নান করতে গিয়ে তলিয়ে গিয়েছেন কিনা উত্তর খুঁজছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মৃত মহিলার বয়স আনুমানিক ৫০-৫৫ বছর। পুলিশ ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্ত করতে পাঠিয়েছে। একই সঙ্গে ওই মহিলার নাম-পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। এই মহিলা স্থানীয় বাসিন্দা নন। সুতরাং সন্দেহ বাড়ছে। অন্য কোথাও খুন করে এখানে ফেলে দেওয়া হয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। অন্যান্য থানার সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। কারণ কোথাও কোনও নিখোঁজ ডায়েরি হয়েছে কিনা সেটা জানার চেষ্টা করা হচ্ছে। এই মহিলাকে আগে এলাকায় দেখা গিয়েছিল কিনা সেটাও খোঁজ করা হচ্ছে।
স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে স্থানীয় বাসিন্দারা পুকুরে স্নান করতে এসে মহিলার দেহ ভাসতে দেখেন। তখন তাঁরাই খবর দেন বাগুইআটি থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে ময়নাতদন্তে পাঠায়। তবে ঠিক কী কারণে ওই মহিলার মৃত্যু হয়েছে বা দেহটি পুকুরে কেমন করে এল সেটা এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এই পুকুরে সকাল সন্ধ্যায় স্থানীয় মানুষজন এসে থাকেন। সুতরাং সবার চোখ এড়িয়ে কেমন করে মহিলা পুকুরে তলিয়ে গেলেন সেটাও সকলকে ভাবাচ্ছে। কালীপুজোর প্রাক্কালে এমন ঘটনায় অনেকেই আতঙ্কিত। যদিও পুলিশ এলাকার সিসিটিভি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।
তাছাড়া পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, প্রায় ২৪ ঘণ্টা আগে ওই মহিলা জলে তলিয়ে গিয়ে থাকতে পারেন। ইতিমধ্যেই ওই মহিলার দেহ ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর আসল কারণ সামনে আসবে বলে জানিয়েছে বাগুইআটি থানার পুলিশ। তবে ওই পুকুরের কাছে পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনও সম্ভাবনাকেই সরিয়ে রাখা হচ্ছে না। কোথা থেকে ওই মহিলা এই পুকুরে এল সেটাই খুঁজছে পুলিশ।
Leave a Comment