---Advertisement---

২১ জুলাই কমিশনের রিপোর্ট প্রকাশ করবেন মুখ্যমন্ত্রী! কী সুপারিশ ছিল, ১৫ বছরে কতটা মেনেছে মমতা সরকার?

By Suman Debnath

July 20, 2026 2:15 PM

২১ জুলাই কমিশনের রিপোর্ট প্রকাশ করবেন মুখ্যমন্ত্রী! কী সুপারিশ ছিল, ১৫ বছরে কতটা মেনেছে মমতা সরকার?

---Advertisement---


কলকাতা: ২১ জুলাই (21 July) শহিদ দিবসকে ঘিরে পশ্চিমবঙ্গের (West Bengal) রাজনীতিতে নতুন বিতর্কের সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিধানসভায় দাঁড়িয়ে তিনি ঘোষণা করেছেন, ২০১১ সালে গঠিত ২১ জুলাই কমিশনের রিপোর্ট সোমবারই জনসমক্ষে প্রকাশ করা হবে। শুধু রিপোর্টই নয়, কমিশনের সুপারিশের কতটা বাস্তবায়ন হয়েছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-এর সরকার ১৫ বছরে কী পদক্ষেপ নিয়েছিল, তারও তথ্যপ্রমাণ তুলে ধরা হবে বলে জানিয়েছেন তিনি।

সোমবার বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু বলেন, তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর ১৯৯৩ সালের ২১ জুলাইয়ের ঘটনাকে সামনে রেখে একটি বিচারবিভাগীয় কমিশন গঠন করেছিল। ওড়িশা হাই কোর্ট (Orissa High Court)-এর অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে সেই কমিশন দীর্ঘ তদন্তের পর একটি রিপোর্ট জমা দেয়। তবে সেই রিপোর্ট কখনও জনসক্ষে আনা হয়নি বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।

শুভেন্দুর কথায়, সোমবার বিকেলেই কমিশনের সেই রিপোর্ট এবং তার সুপারিশগুলি প্রকাশ করা হবে। পাশাপাশি তিনি দাবি করেন, গত ১৫ বছরে ওই সুপারিশগুলির কতটা কার্যকর হয়েছে এবং কতটা বাস্তবায়িত হয়নি, তার বিস্তারিত তথ্যও বাংলার মানুষের সামনে তুলে ধরা হবে।

এই ঘোষণার সময়টি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মঙ্গলবার ২১ জুলাই উপলক্ষে তৃণমূলের তিনটি পৃথক গোষ্ঠী আলাদা কর্মসূচি পালন করছে। কালীঘাট শিবিরের সভা হবে বিড়লা তারামণ্ডলের সামনে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী ধর্মতলায় গাঁধী মূর্তির পাদদেশে কর্মসূচি করবে। অন্যদিকে, সম্প্রতি এনসিপিআই (NCPI)-এ যোগ দেওয়া তৃণমূলের বিদ্রোহী নেতারা দিল্লির (New Delhi) রাজঘাটে (Rajghat) শহিদ দিবস পালন করবেন।

১৯৯৩ সালের ২১ জুলাই মহাকরণ অভিযানের সময় তৎকালীন যুব কংগ্রেসের মিছিলে পুলিশের গুলিতে ১৩ জন কর্মীর মৃত্যু হয়েছিল। সেই ঘটনার স্মরণে প্রতি বছর ২১ জুলাই শহিদ দিবস পালন করে তৃণমূল। ২০১১ সালে ক্ষমতায় আসার পর সেই ঘটনার পুনর্তদন্তের জন্য বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে কমিশন গঠন করা হয়েছিল। কমিশন ৩০০-রও বেশি সাক্ষীর বয়ান সংগ্রহ করে রিপোর্ট তৈরি করলেও তা প্রকাশ করা হয়নি।

সম্প্রতি এই রিপোর্ট প্রকাশের দাবিতে সরব হয় তৃণমূলের বিদ্রোহী শিবির। এনসিপিআই নেত্রী ও বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar) মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে কমিশনের রিপোর্ট প্রকাশের দাবি জানান। তাঁর অভিযোগ ছিল, ১৯৯৩ সালের গুলিকাণ্ডের মূল অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি এবং মমতা সরকারের আমলে তাঁদের আড়াল করা হয়েছিল।

রবিবার এনসিপিআই আনুষ্ঠানিকভাবে জানায়, তারা দিল্লিতে পৃথকভাবে ২১ জুলাই পালন করবে। সেই বিবৃতিতেও কমিশনের রিপোর্ট প্রকাশের দাবি পুনরায় তোলা হয়। তার একদিনের মধ্যেই শুভেন্দু অধিকারীর এই ঘোষণা রাজনৈতিক মহলে নতুন জল্পনার জন্ম দিয়েছে।

এখন নজর সোমবার বিকেলের দিকে। মুখ্যমন্ত্রীর ঘোষণামতো যদি কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট ও সুপারিশ প্রকাশ্যে আসে, তবে ২১ জুলাইয়ের রাজনৈতিক বিতর্কে নতুন মাত্রা যোগ হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment