আসন্ন পুর নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা, আসন সংরক্ষণ ও নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। বৃহস্পতিবার আগরতলায় প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করেন, নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা চলছে। ২০২১ সালের অক্টোবর মাসের ভোটার তালিকা ব্যবহার করে নির্বাচন পরিচালনার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর দাবি, ভোটার তালিকায় নাম থাকা প্রত্যেক নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করতে হবে এবং আইন মেনে আসন সংরক্ষণ করতে হবে। সংরক্ষণের পদ্ধতিতে পরিবর্তন এনে নির্দিষ্ট রাজনৈতিক পক্ষকে সুবিধা দেওয়ার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তবে এই অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য জানা যায়নি।
নির্বাচনে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর বুথের তালিকা প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছে বলে জানান আশিস কুমার সাহা। পাশাপাশি অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে কংগ্রেস। তাঁর বক্তব্য, নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালন করে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে হবে।
আসন্ন পুর নির্বাচনে বিজেপিকে পরাজিত করাই কংগ্রেসের প্রধান লক্ষ্য বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি। সিপিএমের সঙ্গে নির্বাচনী সমঝোতার সম্ভাবনা নিয়ে তিনি বলেন, দলীয় স্তরে আলোচনা চলছে এবং আগামী দু-এক দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। রাজ্যে অপশাসন, দুর্নীতি ও প্রশাসনিক পক্ষপাতের বিরুদ্ধে পাহাড় ও সমতল—উভয় এলাকাতেই জনমত তৈরি হচ্ছে বলেও দাবি করেন তিনি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী।
Leave a Comment