জুম্মাবারে ছুটি মিলবে না মাদ্রাসায়, কড়া নির্দেশিকা রাজ্য সরকারের

By Suman Debnath

November 28, 2026 5:55 PM

জুম্মাবারে ছুটি মিলবে না মাদ্রাসায়, কড়া নির্দেশিকা রাজ্য সরকারের


উত্তরাখণ্ডের পথেই হাঁটল বাংলা। এবার থেকে শুক্রবার অর্থাৎ জুম্মাবারে বঙ্গের মাদ্রাসাগুলিতে মিলবে না কোনও সাপ্তাহিক ছুটি। এমনটাই জানিয়েছে রাজ্য প্রশাসন। শুধু তাই নয়, দ্রুত যাতে এই নির্দেশ কার্যকর করা হয়, তার জন্য কড়া নির্দেশ দিয়েছে প্রশাসন।

শুক্রবার, ২৭ নভেম্বর পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের তরফে রাজ্যের সমস্ত মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে একটি জরুরি নির্দেশিকা পাঠানো হয়েছে। এখন থেকে অন্যান্য সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের মতো রাজ্যের মাদ্রাসাগুলি রবিবার করে ছুটি থাকবে।

পর্ষদের তরফে জানানো হয়েছে, শুক্রবারের সাপ্তাহিক ছুটি বন্ধ করতে হবে। এর বদলে নির্ধারিত অ্যাকাডেমিক ক্যালেন্ডার মেনে রবিবার সরকারি অনুমোদন প্রাপ্ত সমস্ত মাদ্রাসায় ছুটি থাকবে। তবে সপ্তাহের বাকি দিনগুলিতে আগের মতোই পঠনপাঠন ও প্রশাসনিক কাজ চলবে।

আরও পড়ুন:  ‘যে হাতে বিবেকানন্দের পদস্পর্শ করেছি, সেই হাতে গান্ধী নয়!’—ব্রিটিশ গোয়েন্দাদের নথিতে বিপ্লবী হেমচন্দ্র ঘোষের বিস্ময়কর উক্তি

শিক্ষা মহলের একাংশের মতে, রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকায় সমঝোতা আনতে এবং অ্যাকাডেমিক ক্যালেন্ডারের ভারসাম্য বজায় রাখতে এই কঠোর অবস্থান নেওয়া হয়েছে। সেই সঙ্গে সমস্ত মাদ্রাসাকে মূল ধারার শিক্ষা ব্যবস্থার নিয়মের অধীনে আনাই পর্ষদের মূল লক্ষ্য।

অনেকদিন ধরে রাজ্যের বহু মাদ্রাসায় শুক্রবার জুম্মার নামাজের কারণে সাপ্তাহিক ছুটি দেওয়া হত। এর জন্য রবিবার মাদ্রাসা খুলে পঠনপাঠন চলত। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে শুক্রবারের বিশেষ প্রার্থনার কথা ভেবেই বহু প্রতিষ্ঠানে এই অলিখিত বা প্রথাগত রীতি চালু ছিল। বর্তমানে নতুন সরকারি নির্দেশিকায় সেই নিয়মের বদল ঘটল।

পর্ষদের তরফে স্পষ্ট জানানো হয়েছে, রবিবার ছাড়া সপ্তাহের অন্য কোনও দিনে মাদ্রাসা বন্ধ রাখা যাবে না। ক্যালেন্ডার অনুযায়ী, ধর্মীয় উৎসব বা প্রশাসনিক সরকারি ছুটির ক্ষেত্রে এই নিয়মের বদল হবে। বাকি সপ্তাহে ছয় দিনই ক্লাস ও প্রাতিষ্ঠানিক কাজ রোজদিনের মতো চলবে।

আরও পড়ুন:  আগামী দু’সপ্তাহ রাজ্যজুড়ে বিশেষ অভিযান চলবে, কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

আরও পড়ুন: ফের ঘূর্ণাবর্তের ভ্রুকুটি, ডিসেম্বরেই বঙ্গে চড়চড়িয়ে নামবে পারদ!

উল্লেখ্য, চলতি বছরের অক্টোবর মাসে উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামির সরকার স্বীকৃত ২০৬টি মাদ্রাসার শুক্রবারের ছুটি বাতিল করেছিল। এবার সেই তালিকায় নাম লেখাল পশ্চিমবঙ্গ।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment