বক্সনগর প্রতিনিধি: আবারও সংবাদ শিরোনামে বক্সনগরের আশাবাড়ি। বিএসএফ জওয়ানদের উপর হামলার ঘটনার পর থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে সীমান্তবর্তী আশাবাড়ি এলাকা। এবার বিএসএফ ক্যাম্পের জমি দখলমুক্ত করতে প্রশাসনের পক্ষ থেকে নামানো হলো বুলডোজার। শনিবার সকাল থেকে শুরু হওয়া এই উচ্ছেদ অভিযান চলে দুপুর আড়াইটা পর্যন্ত।
উল্লেখ্য, প্রায় এক মাস আগে আশাবাড়ি এলাকায় বিএসএফ জওয়ানদের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার দিন আক্রান্ত বিএসএফ জওয়ানরা যথেষ্ট ধৈর্যের পরিচয় দেন। পরবর্তী সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সীমান্তে পাচারকারীদের বিরুদ্ধে একের পর এক অভিযান শুরু করে বিএসএফ। এই অভিযানে প্রশাসনের বিভিন্ন স্তর থেকেও সহযোগিতা করা হয়।
এরই ধারাবাহিকতায় আশাবাড়ি বিএসএফ ক্যাম্পের জবরদখলে থাকা জমি উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়। বক্সনগর তফসিল এলাকার আশাবাড়ি মৌজায় অবস্থিত এই বিএসএফ ক্যাম্পের জমির পরিমাণ ১২ কানি। জমির খতিয়ান নম্বর ৭২৫ এবং দাগ নম্বর ৩৫৮/১৮৩৬। অভিযোগ, ক্যাম্পের জমির কিছু অংশে স্থানীয় কয়েকজন ব্যক্তি বসতবাড়ি ও দোকানঘর নির্মাণ করেছিলেন।
বিএসএফের পক্ষ থেকে নোটিশ জারি করে গত ১৫ নভেম্বর ছয়জনকে ফটিকছড়া হেডকোয়ার্টারে শুনানির জন্য ডেকে পাঠানো হয়। সেখানে জমি খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয় বলে জানা যায়। এরপর আজাদ হোসেন, রফিকুল হক ও উত্তম মজুমদার তাঁদের দোকানঘর নিজেরাই ভেঙে সরিয়ে নেন। পাশাপাশি ফাতেমা খাতুন, ইকবাল হোসেন ও গিয়াস উদ্দিনও তাঁদের বসতঘর সরিয়ে নেন।
তবে আজাদ হোসেনের বাড়ির অবশিষ্ট কিছু অংশ ভাঙা বাকি ছিল। শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ বুলডোজার নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। সেখানে বিএসএফের উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি আরক্ষা দপ্তর, বনদপ্তর এবং জেলাশাসকের প্রতিনিধিদেরও উপস্থিত থাকতে দেখা যায়।
অভিযানকে কেন্দ্র করে আশপাশের প্রায় দুই কিলোমিটার এলাকা বিএসএফ, পুলিশ, টিএসআর ও সিআরপিএফ জওয়ানদের দিয়ে ঘিরে রাখা হয়। সকাল ১১টা নাগাদ আজাদ হোসেনের বাড়ির অবশিষ্ট অংশ ভাঙার কাজ শুরু হয়।
এদিকে, আজাদের পরিবারের সদস্যরা উপস্থিত আধিকারিকদের কাছে আরও দুই দিন সময় চেয়েছিলেন। তাঁদের বক্তব্য ছিল, এই সময়ের মধ্যে তাঁরা নিজেরাই অবশিষ্ট ঘর ভেঙে সরিয়ে নেবেন। কিন্তু উপস্থিত আধিকারিকরা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী শনিবারের মধ্যেই উচ্ছেদের কাজ সম্পন্ন করতে হবে। এরপর বুলডোজার দিয়ে শুরু হয় বাড়ি ভাঙার কাজ। পরিবারের সদস্যদের কান্না ও চিৎকারে কিছুক্ষণের জন্য ঘটনাস্থলের পরিবেশ আবেগঘন হয়ে ওঠে।
এরপর প্রশাসনের অভিযানকারীরা বনদপ্তরের জমিতে নির্মিত আরও দুটি বাড়ির দিকে এগিয়ে যান। বাড়ি দুটির মালিক ভুলন মিয়া ও স্বপন মিয়া। তাঁদের বাড়িও বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। দুপুর আড়াইটা নাগাদ শেষ হয় উচ্ছেদ অভিযান।
তবে এই উচ্ছেদ অভিযানকে ঘিরে নতুন করে প্রশ্ন ও জল্পনার সৃষ্টি হয়েছে বক্সনগর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের আগে ২০০৩ সালে বর্ডার রোড তৈরির সময় এই পরিবারগুলি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরপর তাঁরা বর্তমান জায়গাগুলিতে এসে বসবাস শুরু করেন।
অন্যদিকে, ২০০৭ সালে বিএসএফ ক্যাম্পের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ১২ কানি জমি বরাদ্দ করা হয়েছিল বলে জানা যায়। কিন্তু বিএসএফকে বরাদ্দ দেওয়া জমির ম্যাপ এবং তহশিল কাছারিতে থাকা জমির ম্যাপের মধ্যে অসঙ্গতি রয়েছে বলে দাবি উঠেছে। স্থানীয়দের একাংশের ধারণা, জমির প্রকৃত সীমানা সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণেই সংশ্লিষ্ট পরিবারগুলি সেখানে বাড়িঘর নির্মাণ করেছিলেন।
সব মিলিয়ে বিএসএফ ক্যাম্পের জমি উদ্ধারকে কেন্দ্র করে আশাবাড়িতে প্রশাসনের এই বুলডোজার অভিযান নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। জমির সীমানা সংক্রান্ত অসঙ্গতি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পুনর্বাসন নিয়ে আগামী দিনে কী পদক্ষেপ নেওয়া হয়, এখন সেদিকেই তাকিয়ে বক্সনগরবাসী।
ত্রিপুরা টিভি | সত্যের কথা, কলমের ভাষা।
Leave a Comment