ভোরে ঠাণ্ডা আমেজে গা শিরশির করছে, বিজয়া দশমীর পরই শীতের আমেজ বঙ্গে

By Suman Debnath

October 22, 2026 12:10 PM

ভোরে ঠাণ্ডা আমেজে গা শিরশির করছে, বিজয়া দশমীর পরই শীতের আমেজ বঙ্গে


দুর্গাপুজো আপাতত এই বছরের জন্য শেষ। আর তারপরেই রাজ্যজুড়ে হেমন্তের মনোরম আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে। বেশ কয়েকটি জেলায় অনুভূত হচ্ছে হালকা শীতের আমেজ। তবে এই স্বস্তি কতদিন স্থায়ী হবে? উঠছে প্রশ্ন। এবার একাদশীর ভোরেই ফুরফুরে হাওয়া সর্বত্র অনুভূত হয়েছে। তাই শীতের আগমনী নিয়ে নানা চর্চা শুরু হয়েছে। যদিও বেলা বাড়লেই রোদের তেজ দেখা যাচ্ছে। কিন্তু ঘাম কম হচ্ছে এদিন থেকেই। বৃহস্পতিবার এমন শীতের আমেজ গায়ে মেখে অনেকেই প্রাতঃভ্রমণে বেরিয়ে পড়েছেন।

এই ঠাণ্ডা বাতাস এবং মনোরম পরিবেশের জেরে খুশি অনেকেই। তবে এদিন আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার থেকে আবার বৃষ্টির সম্ভাবনা আছে। অক্টোবর মাসের শেষে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা ছিল সেই সম্ভাবনাও পুরোপুরি এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কলকাতার ভোর এবং রাতের আবহাওয়ায় কিছুটা স্বস্তি মিললেও দিনে ভালই গরম থাকছে। অক্টোবর মাসের শেষ সপ্তাহেও শীত আসবে বলে মনে হচ্ছে না। বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৩ ডিগ্রির আশপাশে থাকার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন:  আদালতের নির্দেশের ৮ বছর পরও অধরা প্রাপ্য, ‘ফ্রিজ’ ডিআই-হেডমাস্টারের বেতন

আপাতত মনোরম আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বলে মনে করছে আবহাওয়া দপ্তর। শুষ্ক বাতাসের প্রভাবে রাজ্যের নানা জেলায় কমেছে তাপমাত্রা। পুরুলিয়ার তাপমাত্রা নেমেছে ২০ ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনে ২০.২ ডিগ্রি এবং আলিপুরদুয়ারে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৮ ডিগ্রি সেলসিয়াসে। তবে এমন মনোরম আবহাওয়া বেশি দিন থাকবে না। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার বদলের সম্ভাবনা প্রবল। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ার কারণে বাড়তে পারে তাপমাত্রাও। আগামী সপ্তাহে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে জেলাগুলিতে। কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় আবহাওয়ার খুব একটা হেরফের হবে না লক্ষ্মীপুজো পর্যন্ত। রোদ উঠলে দুপুরে গরমের অস্বস্তি বাড়তে পারে। বাঙালির মনে এখন শীতের অপেক্ষা শুরু হয়েছে। ভোরের হালকা ঠাণ্ডা হাওয়া সেই প্রত্যাশাকে বাড়িয়ে দিচ্ছে।

আরও পড়ুন:  ‘পশ্চিমবঙ্গ সরকার লাল সন্ত্রাস বরদাস্ত করবে না, খতম হবে’, মাওবাদী নেতার গ্রেপ্তারে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

তাছাড়া উত্তরবঙ্গে আপাতত মোটের উপর শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, শিলিগুড়িতে বৃহস্পতিবার বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে দ্বাদশীতে দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। বর্ষার প্রভাব কমার পর অক্টোবর মাসের শেষ দিকে আবহাওয়ায় ধীরে ধীরে বদল আসে। তাপমাত্রার ওঠানামাও সেক্ষেত্রে স্বাভাবিক। একাদশীর সকালে ফুরফুরে ঠাণ্ডা হাওয়া মিললেও কলকাতায় এখনই শীত পড়ছে না বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment