বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব। এর অভিমুখ অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৮ অক্টোবর বুধবার সকালে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলের মাঝে বাপতলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। স্থলভাগে আছড়ে পড়ার সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছনোর আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।
ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব বাংলায় না পড়লেও এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বুধবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাস রয়েছে।বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রাখছে হাওয়া অফিস।
ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে ওঠার আশঙ্কা রয়েছে। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যাঁরা ইতিমধ্যে সমুদ্রে রয়েছেন, তাঁদের দ্রুত নিরাপদ আশ্রয়ে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে তাপমাত্রারও পরিবর্তন হতে পারে বাংলায়।আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। ফলে ভোর ও রাতের দিকে শীতের অনুভূতি বাড়ার সম্ভাবনা রয়েছে।
সোমবার পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১৯ ডিগ্রি সেলসিয়াসে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। বুধবার ও বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রির কাছাকাছি নামতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
তবে ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গেলে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে ফের পারদ নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত ঘূর্ণিঝড় অর্ণবের গতিপথ এবং তার প্রভাবে বাংলার আবহাওয়ার পরিবর্তনের দিকেই নজর রাখছেন আবহাওয়াবিদরা।
Leave a Comment