উত্তরপ্রদেশে রাহুল গান্ধীর কনভয়ে দুর্ঘটনা, অ্যাম্বুল্যান্সের সঙ্গে ধাক্কায় আহত বেশ কয়েকজন

By Suman Debnath

October 26, 2026 11:43 PM

উত্তরপ্রদেশে রাহুল গান্ধীর কনভয়ে দুর্ঘটনা, অ্যাম্বুল্যান্সের সঙ্গে ধাক্কায় আহত বেশ কয়েকজন

উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়ল কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর কনভয়। কনভয়ের পিছনের দিকে থাকা অন্তত পাঁচটি গাড়ির সঙ্গে একটি অ্যাম্বুল্যান্সের সংঘর্ষ হয়। এই ঘটনায় কনভয়ে থাকা বেশ কয়েকজন দলীয় কর্মী এবং নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। তবে পুলিশ সূত্রে জানানো হয়েছে, রাহুল গান্ধী সম্পূর্ণ সুরক্ষিত রয়েছেন।


জানা গিয়েছে, এদিন লখনউ বিমানবন্দরে নেমে সড়কপথে প্রায় ১৩৫ কিলোমিটার দূরে সুলতানপুরের উদ্দেশে যাচ্ছিলেন রাহুল। লখনউ থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে হালিয়াপুরের কাছে এই দুর্ঘটনা ঘটে। গন্তব্যস্থল থেকে তখন মাত্র ৩৫ কিলোমিটার দূরে ছিলেন তাঁরা। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, এক্সপ্রেসওয়ের ডানদিকের ফাস্ট লেনে থাকা একটি অ্যাম্বুল্যান্সের সঙ্গে কনভয়ের গাড়িগুলির ধাক্কা লাগে।ধাক্কার অভিঘাতে কনভয়ের একটি স্করপিও গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং সেটি অ্যাম্বুল্যান্সের ঠিক সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে।

আরও পড়ুন:  রুশ ড্রোন হামলায় ইউক্রেনে ভারতীয় সংস্থার ওষুধ কারখানা বিধ্বস্ত, মৃত ১


উল্লেখ্য, একটি মানহানির মামলায় হাজিরা দিতে এদিন সুলতানপুরের বিশেষ এমপি-এমএলএ আদালতে যাচ্ছিলেন রাহুল গান্ধী। ২০১৮ সালে কর্ণাটক বিধানসভা নির্বাচনের আগে বেঙ্গালুরুর একটি প্রচার সভায় তৎকালীন বিজেপি সভাপতি অমিত শাহের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগ উঠেছিল রাহুলের বিরুদ্ধে। সেই বছর ৪ আগস্ট সুলতানপুর জেলা সমবায় ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান তথা বিজেপি নেতা বিজয় মিশ্র তাঁর বিরুদ্ধে এই মানহানির মামলাটি দায়ের করেছিলেন। এদিন সেই মামলারই রায় ঘোষণার কথা ছিল, যে কারণে আদালতে কংগ্রেস সাংসদের সশরীরে উপস্থিত থাকা বাধ্যতামূলক ছিল।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment