---Advertisement---

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় গ্রেপ্তার কংগ্রেস নেতা, মুখ্যমন্ত্রীর নির্দেশে মাঝরাতে অপারেশন

By kolamkotha.com

September 11, 2026 11:45 AM

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় গ্রেপ্তার কংগ্রেস নেতা, মুখ্যমন্ত্রীর নির্দেশে মাঝরাতে অপারেশন

---Advertisement---


মধ্যপ্রদেশের বাগেশ্বর ধামের প্রধান ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী তথা বাগেশ্বর বাবার নিদানের পর ভবানীপুর থানার সামনে ছবি পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয়েছিল। আর তার জেরেই গ্রেপ্তার হলেন দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অতনু দাস। মাঝরাতে পুলিশ এই কংগ্রেস নেতার টালিগঞ্জের বাড়িতে হানা দিয়ে প্রথমে আটক করে ভবানীপুর থানায় নিয়ে যায় বলে খবর। তারপর তাঁকে এই ঘটনা নিয়ে নানা প্রশ্ন করা হলে পুলিশের সঙ্গে অসহযোগিতা করতে শুরু করেন তিনি বলে অভিযোগ। তাই শুক্রবার সকালে এই কংগ্রেস নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

এই ঘটনার সূত্রপাত বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া নির্দেশের ভিত্তিতে। শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন, ‘ভবানীপুর থানার সামনে কিছু লোককে বাগেশ্বর বাবার ছবি পোড়াতে দেখেছি। আমি পুলিশ কমিশনারকে বলছি, এদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। এই রাজ্যে এসব বরদাস্ত করা হবে না।’ তাঁর এই নির্দেশের কয়েক ঘণ্টা পরই পুলিশ কংগ্রেস নেতা অতনু দাসকে গ্রেপ্তার করে। যদিও কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, বাগেশ্বর বাবা বাঙালি জাতিকে অপমান করল। আর সেটার প্রতিবাদ করার জেরে আমাদের নেতাকে গ্রেপ্তার করা হল।

কদিন আগে বাগেশ্বর বাবা পশ্চিমবঙ্গে একাধিক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানেই তিনি দুর্গাপুজোয় আমিষ খাওয়া নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। দুর্গাপুজোয় যাঁরা আমিষ খাবার খান তাঁরা ‘পাখণ্ডী’ অর্থাৎ পাপী বা ভণ্ড বলেছিলেন। তাঁর এই মন্তব্যকে ঘিরেই বিতর্কের ঝড় ওঠে রাজ্যে। এমনকী পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য পর্যন্ত এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছিলেন। তিনি দাবি করেছিলেন, বাগেশ্বর বাবার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। আর বাঙালি কী খাবে সেটা কেউ বলে দিতে পারে না। তবে ‘পাখণ্ডী’ মন্তব্যের প্রতিবাদে ভবানীপুর থানার সামনে বাগেশ্বর বাবার ছবি পোড়ায় কংগ্রেস।

তাছাড়া মুখ্যমন্ত্রীর নির্দেশ মেলায় অ্যাকশনে নেমে পড়ে পুলিশ। মাঝরাতে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অতনু দাসকে টালিগঞ্জের বাড়ি থেকে গ্রেপ্তার করে ভবানীপুর থানায় পুলিশ। এই গ্রেপ্তারের জেরে সুর চড়িয়েছে কংগ্রেস। কংগ্রেস নেতা প্রদীপ প্রসাদ তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘বাগেশ্বর বাবা সমস্ত বাঙালি জাতিকে অপমান করলেন। সেখানে প্রতিবাদ করা হয়েছিল। কিন্তু আমরা এই প্রতিবাদ করার জেরেই গ্রেপ্তার করা হল। আগে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, অটলবিহারী বাজপেয়ী অথবা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো শীর্ষ নেতাদের কুশপুতুল পোড়ানো হলেও কখনও আইনি মামলা হয়নি। আমাদের সাফ কথা, বাঙালির অপমান করা হলে আমরা প্রতিবাদ করবই।’

---Advertisement---

No comments to show.

Leave a Comment