সাতসকালে বাড়িতে মদের বোতল ছুড়ে হামলার অভিযোগ। ভাঙা জানালার কাচ ছড়িয়ে পড়ে ঘরের ভিতর। ঘটনার পর এবার নিজের নিরাপত্তা নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন প্রবীণ আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। পুলিশি নিরাপত্তার পাশাপাশি নিজের সঙ্গে লাইসেন্সপ্রাপ্ত রিভলভার রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সকালে বিকাশরঞ্জনের বাড়িতে হামলার অভিযোগ ওঠে। অশ্রাব্য ভাষায় গালিগালাজের পাশাপাশি জানালার দিকে একের পর এক মদের বোতল ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনার পর প্রকাশ্যে এসেছে হামলার সিসিটিভি ফুটেজও। সেখানে দেখা যাচ্ছে, মুখ গামছা দিয়ে ঢাকা এক ব্যক্তি বাইকে করে এসে বাড়ির সামনে দাঁড়ান। তাঁর হাতে ছিল একটি প্যাকেট। মুখ ঢাকা অবস্থাতেই গালিগালাজ করতে করতে বাড়ি লক্ষ্য করে বোতল ছুড়তে দেখা যায় তাঁকে। বলতে শোনা যায়, “আমরা হলাম দেশভক্ত। আমাদের সঙ্গে লাগবি না।”
ঘটনার পর স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায় বিকাশরঞ্জনের পরিবারের মধ্যে। তবে এই প্রথম নয়, এর আগেও তাঁর বাড়ির সামনে এসে কটূক্তি করার ঘটনা ঘটেছে বলে দাবি প্রবীণ এই আইনজীবীর। যদিও আগের ঘটনাগুলি নিয়ে তিনি তেমন সরব হননি। বৃহস্পতিবারের হামলার পর অবশ্য নিজের নিরাপত্তা নিয়ে কঠোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বিকাশরঞ্জন বলেন, “আমি পরিষ্কার সিদ্ধান্ত নিয়েছি। পুলিশ কমিশনারের কাছে রিভলভারের লাইসেন্স চাইব। আমার কাছে লাইসেন্সপ্রাপ্ত রিভলভার থাকবে। আশপাশে যাঁদের দেখব, তাঁরা যেন প্রস্তুত থাকেন।”
হামলার বিবরণ দিতে গিয়ে তিনি বলেন, “আমি বেরিয়ে দেখছি জানালার কাচ ভেঙেছে। তারপর সিসিটিভি ক্যামেরা ভেঙেছে। আমার বাড়ির ভিতরে পুরো কাচ ছড়িয়ে রয়েছে। যে ছেলেটি এসেছিল, তার মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল। গাড়ির নম্বর প্লেটও ঢাকা। অশ্রাব্য গালিগালাজ করছিল। বলছিল, আমরা ভারতমাতার সন্তান, আমাদের পিছনে লেগেছিস? দেখে নেব। বলেই একের পর এক বোতল বার করে ছুড়ে মারছে।”
সিসিটিভি ফুটেজে হামলাকারীর মুখ ঢাকা এবং বাইকের নম্বরপ্লেটও আচ্ছাদিত দেখা যাওয়ায় ঘটনার পিছনে কারা রয়েছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর নিজের নিরাপত্তা নিয়ে বিকাশরঞ্জনের এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয়েছে।
Leave a Comment