বিহারের বাঁকিপুর উপনির্বাচনের ৫ রাউন্ড শেষে ৮,৯৭১ ভোট পেয়ে ২,৩১৯ ভোটে এগিয়ে জন সুরাজ পার্টির প্রশান্ত কিশোর। বিজেপির নীরজ কুমার দ্বিতীয় স্থানে, এখনও বাকি ২৬ রাউন্ডের গণনা।
নজরবন্দি ব্যুরো: বিহারের (Bihar) বাঁকিপুর (Bankipur) বিধানসভা উপনির্বাচনে ক্রমশ জমে উঠছে রাজনৈতিক লড়াই। ৩১টির মধ্যে ৫ রাউন্ডের গণনা শেষে জন সুরাজ পার্টির (Jan Suraaj Party) প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর (Prashant Kishor) পেয়েছেন ৮,৯৭১ ভোট এবং বিজেপির (Bharatiya Janata Party) প্রার্থী নীরজ কুমারকে ২,৩১৯ ভোটে পিছনে ফেলে এগিয়ে রয়েছেন। বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন (Nitin Nabin)-এর ছেড়ে যাওয়া এই আসনে এমন ফলাফল স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে জোর চর্চার বিষয় হয়ে উঠেছে।
নির্বাচন কমিশনের সর্বশেষ আপডেট অনুযায়ী, পাঁচ রাউন্ড শেষে প্রশান্ত কিশোরের ঝুলিতে রয়েছে ৮,৯৭১ ভোট। বিজেপির নীরজ কুমার পেয়েছেন ৬,৬৫২ ভোট। ফলে দুই প্রার্থীর মধ্যে ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ২,৩১৯ ভোটে। আরজেডি (Rashtriya Janata Dal)-র রেখা কুমারী আপাতত তৃতীয় স্থানে রয়েছেন ১,৫৩৪ ভোট নিয়ে।
ব্যাঙ্কিপুর আসনটি বিজেপির কাছে শুধু একটি উপনির্বাচন নয়, রাজনৈতিক মর্যাদারও প্রশ্ন। ২০২৫ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকেই বিজেপির বর্তমান সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন প্রায় ৬২.৬৬ শতাংশ ভোট পেয়ে ৫২ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছিলেন। রাজ্যসভায় নির্বাচিত হওয়ার পর তাঁর পদত্যাগের জেরেই এই উপনির্বাচনের প্রয়োজন হয়।
এই প্রেক্ষাপটে প্রশান্ত কিশোরের ধারাবাহিক লিড বিজেপির জন্য অস্বস্তির কারণ হয়ে উঠতে পারে। কারণ, এই কেন্দ্রে পরাজয় হলে তার রাজনৈতিক বার্তা বিহারের গণ্ডি পেরিয়ে জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ। বিশেষ করে জন সুরাজ পার্টির প্রথম বড় নির্বাচনী পরীক্ষায় এই ফলাফল নজর কেড়েছে।
অন্য প্রার্থীদের মধ্যে রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টির তনভির আলম পেয়েছেন ২৮৬ ভোট। প্রগতিশীল জনতা পার্টির মনোরঞ্জন কুমার শ্রীবাস্তব পেয়েছেন ১১৭ ভোট। ভারতীয় আওয়াম পার্টির প্রদীপ কুমার পেয়েছেন ১০১ ভোট। বাকি প্রার্থীদের ভোট এখনও তিন অঙ্কের নিচে বা আশেপাশে রয়েছে।
তবে এই লড়াই এখনও শেষ হয়নি। মোট ৩১টি রাউন্ডের মধ্যে মাত্র ৫টি রাউন্ডের ফল প্রকাশিত হয়েছে। অর্থাৎ এখনও ২৬টি রাউন্ডের গণনা বাকি। ফলে ব্যবধান আরও বাড়বে নাকি বিজেপি ঘুরে দাঁড়াতে পারবে, তার উত্তর মিলবে শেষ দফার গণনার পরই।
ব্যাঙ্কিপুরের এই উপনির্বাচন এখন শুধু একটি আসনের ফল নয়, বরং বিহারের রাজনৈতিক সমীকরণ এবং প্রশান্ত কিশোরের রাজনৈতিক ভবিষ্যতেরও বড় পরীক্ষা হয়ে উঠেছে। তাই শেষ ফল ঘোষণার আগে প্রতিটি রাউন্ডের আপডেটেই নজর থাকছে রাজনৈতিক মহলের।
Leave a Comment