ধর্ষণ ও যৌন হেনস্থার অভিযোগে একের পর এক মামলা দায়ের করে তোলাবাজির অভিযোগ। সেই মামলায় এবার গ্রেফতার এক মহিলা। পঞ্চসায়র থানার একটি মামলায় রাগেশ্রী গোপ (৩১) নামে ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেল সাড়ে ৫টা নাগাদ সন্তোষপুর ইস্ট রোডে তাঁর বাড়ির সামনে থেকেই তাঁকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পঞ্চসায়র থানার মামলা নম্বর ২২, তারিখ ৯ এপ্রিল ২০২৬। ভারতীয় ন্যায় সংহিতার ৩০৮(৭) এবং ৩৫১(২) ধারায় মামলা রুজু করা হয়েছিল। আদালতে দায়ের করা আবেদনের ভিত্তিতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৭৫(৩) ধারায় আদালতের নির্দেশে মামলাটি নথিভুক্ত হয়।
অভিযোগ, মামলার অভিযোগকারিণীর স্বামী ছিলেন ধৃত মহিলার প্রাক্তন চিকিৎসক। ২০২৫ সালের ডিসেম্বর থেকে ওই চিকিৎসককে নানা ভাবে হেনস্থা ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। অভিযোগকারিণীর দাবি, চিকিৎসক তাঁর ‘অযৌক্তিক দাবি’ মেনে নিতে অস্বীকার করায় তাঁকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পাশাপাশি টাকা চেয়ে ধারাবাহিক ভাবে চাপ সৃষ্টি এবং ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টার অভিযোগও রয়েছে।
পুলিশের দাবি, তদন্তে ধৃত মহিলার বিরুদ্ধে সরাসরি যুক্ত থাকার তথ্য পাওয়ার পরই তাঁকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাঁকে আলিপুরের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করা হয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে।
তদন্তকারীদের দাবি, ধৃত মহিলার বিরুদ্ধে এর আগেও তোলাবাজির দুটি মামলা রয়েছে। যাঁদের বিরুদ্ধে ওই মামলাগুলি দায়ের করা হয়েছিল, তাঁদেরই একাংশের অভিযোগ, মিথ্যা ধর্ষণের মামলা করার ভয় দেখিয়ে তাঁদের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করা হয়েছিল।
পুলিশ সূত্রে আরও দাবি, এখনও পর্যন্ত প্রায় ১৪ জনের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন হেনস্থার অভিযোগে মোট ১১টি মামলা দায়ের করেছেন ওই মহিলা। সেই অভিযোগগুলির সত্যতা এবং মামলাগুলির নেপথ্যে কোনও নির্দিষ্ট উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে। ধৃত মহিলার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির পাশাপাশি আগের মামলাগুলির নথি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যও খতিয়ে দেখা হচ্ছে।
Leave a Comment