স্কুল পড়ুয়াদের বাঁচাতে দাতারাম বাজারে বড় উদ্যোগ, গুটকা-তামাক বিক্রি বন্ধে দোকানদারদের আহ্বান!

By Suman Debnath

July 11, 2026 8:20 PM

স্কুল পড়ুয়াদের বাঁচাতে দাতারাম বাজারে বড় উদ্যোগ, গুটকা-তামাক বিক্রি বন্ধে দোকানদারদের আহ্বান!

দাতারাম বাজার, ১১ জুলাই: স্কুলপড়ুয়া ছাত্র-ছাত্রীদের নেশার কুফল থেকে দূরে রেখে একটি সুস্থ ও নিরাপদ শিক্ষার পরিবেশ গড়ে তুলতে দাতারাম বাজারে শুরু হয়েছে এক ব্যতিক্রমী সচেতনতামূলক উদ্যোগ। এলাকার শিক্ষক, যুবসমাজ ও বাজার কমিটির যৌথ প্রচেষ্টায় শিক্ষার্থীদের কাছে গুটকা, তামাকসহ সব ধরনের নেশাজাতীয় দ্রব্য বিক্রি বন্ধের আহ্বান জানানো হয়েছে।

সম্প্রতি স্থানীয় বাসিন্দাদের নজরে আসে, কিছু স্কুলপড়ুয়া শিক্ষার্থী গুটকা, তামাকসহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য বহন ও সেবন করছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শিক্ষক, অভিভাবক এবং এলাকার সচেতন নাগরিকরা। এরপরই শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষার লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়।

জানা যায়, দাতারাম গ্রামের শিক্ষক ছবিউল্লাহ কাজী (Chibiullah Kazi) এবং গ্রামের সচেতন যুবকদের পক্ষ থেকে দাতারাম বাজার কমিটির সম্পাদকের হাতে একটি লিখিত আবেদন জমা দেওয়া হয়। আবেদনে স্কুলপড়ুয়া ছাত্র-ছাত্রীদের কাছে কোনো ধরনের গুটকা, তামাক বা নেশাজাতীয় পণ্য বিক্রি না করার জন্য দোকানদারদের সহযোগিতা কামনা করা হয়।

আরও পড়ুন:  পিলাক উৎসব শেষ হতেই উৎসবকে ঘিরে নানা অনিয়মের অভিযোগ উঠছে।

শনিবার সন্ধ্যায় উদ্যোগের সঙ্গে যুক্ত শিক্ষক, যুবক ও বাজার কমিটির প্রতিনিধিরা দাতারাম বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করেন। এ সময় তাঁরা দোকানদারদের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের কাছে গুটকা, তামাক, জর্দা, পান মসলা বা অন্যান্য নেশাজাতীয় পণ্য বিক্রি থেকে বিরত থাকার অনুরোধ জানান। পাশাপাশি নেশামুক্ত সমাজ গঠনে ব্যবসায়ীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বানও জানানো হয়।

উদ্যোগের সঙ্গে যুক্তদের মতে, শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করতে শুধু পরিবার বা বিদ্যালয় নয়, সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব রয়েছে। বাজার কমিটি, ব্যবসায়ী, শিক্ষক, অভিভাবক এবং প্রশাসন একসঙ্গে কাজ করলে কিশোরদের নেশার প্রবণতা অনেকটাই রোধ করা সম্ভব।

স্থানীয় বাসিন্দাদের আশা, এই উদ্যোগ শুধু দাতারাম বাজারেই সীমাবদ্ধ থাকবে না; ভবিষ্যতে জেলার অন্যান্য এলাকাও এ ধরনের সামাজিক সচেতনতা কর্মসূচি গ্রহণ করবে। এতে শিক্ষার্থীরা নেশার ক্ষতিকর প্রভাব থেকে দূরে থেকে সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে।

আরও পড়ুন:  ধর্মনগরে বাম যুবদের বিক্ষোভ মিছিল

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment