আগরতলা: রাজ্যে মাদক কারবার ও নেশার বিরুদ্ধে সম্মিলিতভাবে লড়াই গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং এই অপরাধ দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ অব্যাহত থাকবে।
রবিবার মহারাণী তুলসীবতি বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫০ শয্যা বিশিষ্ট ড. শ্যামাপ্রসাদ মুখার্জী আগরতলা সিভিল হাসপাতাল-এর উদ্বোধন করে মুখ্যমন্ত্রী এসব কথা বলেন।
তিনি জানান, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই হাসপাতাল আগরতলা শহর ও শহরতলির বিস্তীর্ণ এলাকার মানুষের স্বাস্থ্য পরিষেবা প্রাপ্তি আরও সহজ করবে। হাসপাতালটিতে কর্পোরেট মানের পরিষেবা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন আধুনিক অবকাঠামো গড়ে তোলা হয়েছে। এছাড়াও রোগীদের সুবিধার্থে এখানে সান্ধ্যকালীন ওপিডি (Outpatient Department) পরিষেবাও চালু থাকবে।
মুখ্যমন্ত্রী বলেন, এই হাসপাতালটি আপাতত একটি পাইলট প্রকল্প হিসেবে চালু করা হয়েছে। এর কার্যকারিতা ও সাফল্য মূল্যায়নের পর রাজ্যের বাকি ১৯টি নগর সংস্থায় একই ধরনের স্বাস্থ্য পরিষেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও জানান, সরকারের লক্ষ্য প্রাথমিক স্তর পর্যন্ত উন্নতমানের চিকিৎসা পৌঁছে দিতে একটি ইন্টিগ্রেটেড হেলথ সিস্টেম গড়ে তোলা। নতুন এই হাসপাতালের প্রতিটি শয্যার সঙ্গে অক্সিজেন সংযোগের ব্যবস্থা রাখা হয়েছে, যা জরুরি চিকিৎসা পরিষেবা আরও কার্যকর করতে সহায়ক হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত, সেন্ট্রাল জোনের চেয়ারপারসন রত্না কর, স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে, নগরোন্নয়ন দপ্তরের সচিব মিলিন্দ রামটেকে, পুর কমিশনার ও এনএইচএম ত্রিপুরা মিশনের ডিরেক্টর সাজু ওয়াহিদ-সহ প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।
Leave a Comment