চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পিছিয়ে গেল! রাজ্য নির্বাচন কমিশনের ঘোষণায় নয়া গুঞ্জন

By Suman Debnath

November 5, 2026 6:50 PM

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পিছিয়ে গেল! রাজ্য নির্বাচন কমিশনের ঘোষণায় নয়া গুঞ্জন


রাজ্যে আসন্ন পুরসভা নির্বাচন।  নভেম্বর মাসেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল। আর সেটা যদি হতো তাহলে ডিসেম্বর মাসের শেষে কলকাতা পুরসভার নির্বাচন হতো। মোটমুটি সেটাই ধরে নেওয়া হয়েছিল। আর ভোটার তালিকা নিয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছিল পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশন। তাতে উল্লেখ করা হয়েছিল, আগামী ১২ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। কিন্তু বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশন ঘোষণা করল, নির্ধারিত দিনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না। সুতরাং পিছিয়ে যাচ্ছে। যদিও কবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে সেটা উল্লেখ করা হয়নি।

এদিকে বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক নির্দেশিকায় স্পষ্টভাষায় জানানো হয়েছে যে, পূর্বনির্ধারিত ১২ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না। পরবর্তী ক্ষেত্রে আলোচনার মাধ্যমে প্রকাশের সংশোধিত দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে। এই নির্দেশিকা সামনে আসার পর নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। সেটি হল, নভেম্বর মাসের মধ্যে যদি চূড়ান্ত ভোটার তালিকা না প্রকাশ হয় তাহলে ডিসেম্বর মাসে পুরসভা নির্বাচনও হওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে ২০২৭ সালের শুরুতে কলকাতা পুরসভার নির্বাচন করতে হবে। কলকাতা এবং হাওড়া পুরসভার নির্বাচন চলতি বছরেই হওয়ার কথা ছিল। বাকি পুরসভাগুলির নির্বাচন ফেব্রুয়ারি এবং তার পর নিয়ম অনুযায়ী হওয়ার কথা।

আরও পড়ুন:  সিকিম টানেল দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২১ লক্ষ টাকার সহায়তা, কর্মসংস্থানের আশ্বাস মুখ্যমন্ত্রীর

অন্যদিকে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে জারি করা নির্দেশিকা দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক এবং কলকাতা পুরসভার জেলা মিউনিসিপ্যাল ইলেকশন অফিসারের পাশাপাশি হাওড়া, জলপাইগুড়ি, কালিম্পং এবং পূর্ব মেদিনীপুরের জেলাশাসক তথা জেলা মিউনিসিপ্যাল ইলেকশন অফিসারদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রশাসনিক সমন্বয় বজায় রাখতে এই নির্দেশিকার প্রতিলিপি পাঠানো হয়েছে পুর ও নগরোন্নয়ন দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব, সংশ্লিষ্ট মহকুমা আধিকারিক, কলকাতা পুরসভার কমিশনার এবং একাধিক পুরসভার প্রশাসকদেরও। কারণ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পিছলে সব পুরসভার নির্বাচনও ক্রমান্বয়ে পিছিয়ে যাবে।

তাছাড়া ভোটার তালিকা নিয়ে ইতিমধ্যেই দেশজুড়ে আন্দোলন চলছে। ২০২৬ সালের এসআইআর তার মূল বিষয়। ভোটার তালিকা থেকে বিপুল পরিমাণ ভোটারের নাম বাদ পড়েছে। তার জন্যই দেশজুড়ে আন্দোলন চলছে। সেখানে রাজ্য নির্বাচন কমিশন এদিন যে নির্দেশিকা দিয়েছে তার পর আবার কোনও অভিযোগ ওঠে কিনা সেটাই দেখার। গত ১২ অক্টোবর রাজ্য নির্বাচন কমিশনের জারি হওয়া ৮৬০ ও ৮৬১ নম্বর নির্দেশিকা অনুযায়ী ১২ নভেম্বর ভোটারের চূড়ান্ত তালিকা প্রকাশের দিনক্ষণ নির্দিষ্ট করা হয়েছিল। তবে ৫ নভেম্বর যে নতুন নির্দেশিকা দেওয়া হল তাতে সেই নির্ধারিত সময়সীমা স্থগিত রাখা হল।

আরও পড়ুন:  রথযাত্রা ও শ্রাবণ মেলাকে কেন্দ্র করে একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রীর

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment