যশপাল সিং, ১ আগস্ট: শনিবার এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে খোয়াইয়ের সুকান্ত পল্লিস্থিত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ‘এক্সিলেন্ট একাডেমি’-র বার্ষিক উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান (Annual Day & Prize Distribution Ceremony 2026) সম্পন্ন হলো। আজ খোয়াইয়ের নিউ টাউন হলে এই জমকালো অনুষ্ঠানের সূচনা ঘটে।
প্রদীপ প্রজ্জ্বলন করে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ‘জিনেক্সট মডেল স্কুল’-এর সভাপতি অঞ্জন গোস্বামী। অনুষ্ঠানে আমন্ত্রিত বিশিষ্ট অতিথিদের আসনে উপস্থিত ছিলেন খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী ইংরেজি মাধ্যম (এইচএস) স্কুলের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক মিঠু দেবনাথ, ড. এইচএস রায় চৌধুরী মেমোরিয়াল ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সুদীপ্ত তলাপাত্র, ডন বস্কো স্কুলের শিক্ষক হরেন্দ্র রাঙ্খল এবং সানশাইন একাডেমির শিক্ষক ওরেন জেমি। সমগ্র অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন এক্সিলেন্ট একাডেমির সেন্টার হেড মৌসুমি ভট্টাচার্য।
বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মেধা, প্রতিভা এবং নিষ্ঠাকে স্বীকৃতি জানাতেই এই বিশেষ দিনটি উদযাপন করা হয়। এদিনের উৎসবের অন্যতম মূল আকর্ষণ ছিল খুদে পড়ুয়াদের একটি চমৎকার প্রতিযোগিতামূলক প্রদর্শনী। বিভিন্ন স্কুলের ক্ষুদে ছাত্র-ছাত্রীরা ডাক্তার, শিক্ষক, ক্রিকেটার, জেলা শাসক সহ সমাজের বিভিন্ন প্রতিষ্ঠিত ও গুরুত্বপূর্ণ পদের ইউনিফর্ম পরিধান করে এই প্রতিযোগিতায় অংশ নেয়।
পোশাকের মধ্য দিয়ে খুদেরা অত্যন্ত সুন্দরভাবে নিজেদের ভবিষ্যতের স্বপ্ন ও ইচ্ছার কথা ফুটিয়ে তোলে। এর পাশাপাশি শিক্ষার্থীদের মনন বিকাশে একটি আকর্ষণীয় ‘স্টোরি টেলিং’ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। সমগ্র প্রতিযোগিতায় বিচারকের গুরুদায়িত্ব পালন করেন শিক্ষক সুবিমল দেবনাথ, রক্সন দাস ও নৃত্যগুরু সুজিত দাস। তাঁদের সূক্ষ্ম মূল্যায়নের ভিত্তিতে বিজয়ী প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। শুরুতেই ছাত্র-ছাত্রীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা সবার মন কেড়ে নেয়। বিভিন্ন ক্ষেত্রে কৃতিদের হাতে মেডেল ও ট্রফি তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানটির সফল সমাপ্তি ঘটে।
Leave a Comment