মেলাঘরের সাংবাদিক প্রসেনজিৎ সাহার বিরুদ্ধে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্তের দাবি এবং ১৪ বছর বয়সী এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত বিজেপি নেতা পিন্টু ঘোষকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোনামুড়া মহাকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও)-এর নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করেছে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (ডিওয়াইএফআই)-এর সোনামুড়া বিভাগীয় কমিটি।
বৃহস্পতিবার মহাকুমা পুলিশ আধিকারিকের কার্যালয়ে এই ডেপুটেশন প্রদান করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সাংবাদিক প্রসেনজিৎ সাহার বিরুদ্ধে গাঁজা উদ্ধার সংক্রান্ত যে মামলা দায়ের হয়েছে, তা পরিকল্পিত এবং তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে তাদের অভিযোগ। ঘটনার প্রকৃত সত্য উদঘাটনের স্বার্থে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানায় ডিওয়াইএফআই।
একইসঙ্গে সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ১৪ বছর বয়সী এক নাবালিকাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বিজেপি নেতা পিন্টু ঘোষের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। ডেপুটেশনে বলা হয়, অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত করে যদি অভিযোগের সত্যতা প্রমাণিত হয়, তবে অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। শিশু ও নারী নির্যাতনের মতো গুরুতর অপরাধের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা পক্ষপাত যেন তদন্তে প্রভাব ফেলতে না পারে, সে বিষয়েও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।
ডিওয়াইএফআই নেতৃবৃন্দ বলেন, গণতান্ত্রিক সমাজে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা জরুরি। কোনো সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ উঠলে তা অবশ্যই আইন অনুযায়ী তদন্ত হবে, তবে সেই তদন্ত হতে হবে সম্পূর্ণ নিরপেক্ষ, স্বচ্ছ ও পক্ষপাতহীন। একইভাবে নারী ও শিশু নির্যাতনের মতো স্পর্শকাতর ঘটনায় প্রশাসনের দ্রুত ও কার্যকর ভূমিকা গ্রহণেরও দাবি জানান তারা।
ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই সোনামুড়া বিভাগীয় সম্পাদক ইন্দ্রজিৎ সাহা, বিভাগীয় সভাপতি সুমন দে, রাজ্য কমিটির সদস্য মানি দে, মিজান হোসেন, বিভাগীয় সম্পাদকমণ্ডলীর সদস্য ভোলা ভৌমিক, জাকির হোসেন, আনোয়ার হোসেন, সুস্মিতা দাস, সুকান্ত দেবনাথ, অরবিন্দ দাস, তাপস দে-সহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।
ডেপুটেশন শেষে সংগঠনের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, প্রশাসন তাদের উত্থাপিত বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং উভয় ঘটনায় আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। তারা বলেন, আইন সবার জন্য সমান—এই নীতি অনুসরণ করে কোনো ধরনের রাজনৈতিক পরিচয় বা প্রভাবের ঊর্ধ্বে থেকে তদন্ত পরিচালনা করা হলে সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হব।
Leave a Comment