আগরতলা: বিজেপি সারা বছর ধরে কাজ ও উন্নয়নে বিশ্বাস করে। অন্যদিকে কংগ্রেস ও সিপিএম শুধুমাত্র নির্বাচনের সময় মানুষের কাছে আসে। পুর নির্বাচনের প্রচারে বিরোধীদের নিশানা করে এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
মুখ্যমন্ত্রী বলেন, সিপিএম প্রায়ই প্রশ্ন তোলে বিজেপি সরকার কোথায় উন্নয়ন করেছে? তাদের উদ্দেশে কটাক্ষ করে তিনি বলেন, অনেকের বয়স হয়েছে, চোখে ছানি পড়ে থাকতে পারে। তাই উন্নয়ন দেখতে হলে চোখের চিকিৎসা করানো উচিত। আগরতলা পুর নিগমের উন্নয়নমূলক কাজের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এই উন্নয়ন যারা পুর নিগম পরিচালনা করছেন, তাঁরা ভালোভাবেই জানেন।
মুখ্যমন্ত্রী জানান, আগরতলা পুর নিগমের অধীনে রয়েছে ৫১টি ওয়ার্ড। বিভিন্ন এলাকায় কাজ করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। তবে অধিকাংশ কর্পোরেটরই ভালো কাজ করেছেন এবং মেয়রের নেতৃত্বে ব্যাপক উন্নয়ন হয়েছে। তাঁর দাবি, আগরতলা শহরে যে উন্নয়ন হয়েছে, তা ভাষায় প্রকাশ করা কঠিন।
তিনি আরও বলেন, দীর্ঘ ১০ থেকে ১৫ বছর পর ত্রিপুরায় ফিরে আসা অনেকেই রাজ্যের পরিবর্তন দেখে অবাক হচ্ছেন। তাঁদের কথায়, ত্রিপুরা আগের তুলনায় অনেক বেশি সুন্দর ও উন্নত হয়েছে। গত পাঁচ বছরে আগরতলা পুর নিগমের আওতায় সরকারের উন্নয়নমূলক কাজের পাশাপাশি পরিচ্ছন্নতার ক্ষেত্রেও জাতীয় স্তরে স্বীকৃতি মিলেছে।
ডাঃ মানিক সাহার বক্তব্য, কাজের কোনও জাত, বর্ণ বা ধর্ম হয় না। বিজেপি বছরের ৩৬৫ দিন, ২৪ ঘণ্টা মানুষের জন্য কাজ করতে বিশ্বাসী। নির্বাচনের সময় কংগ্রেস ও সিপিএম মানুষের কাছে গেলেও বিজেপি সারা বছর উন্নয়নমূলক কাজের মাধ্যমেই মানুষের কাছে পৌঁছায়।
তিনি বলেন, আসন্ন নির্বাচনে বিজেপি তাদের উন্নয়নমূলক কাজ এবং স্বচ্ছ প্রশাসনের খতিয়ান নিয়েই মানুষের সামনে যাবে। বিভিন্ন পুর নিগম, পুরসভা ও নগর পঞ্চায়েতে সরকারের কাজের স্বচ্ছতাই হবে প্রচারের অন্যতম প্রধান হাতিয়ার।
বিরোধীদের রাজনৈতিক অবস্থান নিয়ে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী আরও বলেন, বিজেপির সামনে একমাত্র চ্যালেঞ্জ নিজেদের আগের কাজকে ছাপিয়ে আরও ভালো কাজ করা। কংগ্রেস ও সিপিএম বিজেপির কাছে কোনও চ্যালেঞ্জ নয়। কারণ, এই দুই দলের শাসন এবং কাজের ধরন মানুষ আগেই দেখেছেন। ফলে মানুষই বিচার করবেন কারা উন্নয়নের জন্য কাজ করেছে।
Leave a Comment