‘পেট্রাপোলে আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত, বিদেশে বসেও অগ্নিসন্ত্রাস চালাচ্ছেন শেখ হাসিনা’: রিজভী

By Suman Debnath

November 23, 2026 10:25 PM

‘পেট্রাপোলে আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত, বিদেশে বসেও অগ্নিসন্ত্রাস চালাচ্ছেন শেখ হাসিনা’: রিজভী


‘পেট্রাপোলে আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত, বিদেশে বসেও অগ্নিসন্ত্রাস চালাচ্ছেন শেখ হাসিনা’: রিজভী


বাংলাদেশ প্রতিবেদকঃ ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও ফ্যাসিস্ট শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েও শেখ হাসিনা চুপ করে বসে নেই; ক্ষমতার মোহে বিদেশে পাচার করা অর্থ পাঠিয়ে এখনো দেশে অগ্নিসন্ত্রাস ও নাশকতা চালাচ্ছেন।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরদের দেশব্যাপী পরিকল্পিত নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে’ অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) এই সমাবেশের আয়োজন করে।

ভারতে আশ্রয় নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সাম্প্রতিক তৎপরতা নিয়ে তীব্র প্রশ্ন তোলেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, “পার্শ্ববর্তী দেশ থেকে প্রায়ই কূটনৈতিক শিষ্টাচার ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার কথা বলা হয়। কিন্তু ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের চার শীর্ষ নেতা বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলে দেশটির ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে কীভাবে রুদ্ধদ্বার বৈঠক করলেন? সংশ্লিষ্ট দেশের সরকারের সবুজ সংকেত ছাড়া সরকারি কর্মকর্তারা কোনোভাবেই পলাতক রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেন না। এর পেছনে কী চক্রান্ত চলছে, তা জাতি আজ জানতে চায়। এটি একটি গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত।”

আরও পড়ুন:  চীন বা যুক্তরাষ্ট্রের নেতৃত্ব মানতে নারাজ বিশ্ব

শেখ হাসিনার সমালোচনা করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার হরণ করে তিনি পালিয়ে গেছেন। কিন্তু পলায়নের পরও তাঁর হিংসাত্মক ও প্রতিশোধপরায়ণ আচরণের কোনো পরিবর্তন হয়নি। গত ১৭ বছর ক্ষমতায় থাকতে যে নীতি প্রয়োগ করেছেন, এখনো তা-ই করছেন।

দেশের বিভিন্ন স্থানে চলমান নাশকতার চিত্র তুলে ধরে রিজভী বলেন, “বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর, গাড়ি, পোশাক কারখানা ও পুলিশের স্থাপনায় আগুন দেওয়া হচ্ছে। এমনকি নড়াইল ও ভাঙ্গায় হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। বিদেশে পাচার করা অর্থ থেকে মোবাইল ব্যাংকিংয়ের (বিকাশ) মাধ্যমে টাকা পাঠিয়ে দেশে ঘাপটি মেরে থাকা সন্ত্রাসীদের দিয়ে এসব তাণ্ডব চালানো হচ্ছে।”

বর্তমান সরকারের সহনশীলতার কথা উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, “তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার অত্যন্ত ধৈর্যের সঙ্গে গণতান্ত্রিক ও আইনি প্রক্রিয়ায় এই তাণ্ডব মোকাবিলা করছে। অতীতের আওয়ামী লীগ সরকারের মতো রাজপথে নির্বিচার গুলি চালিয়ে মানুষ হত্যা করা হচ্ছে না। আইনের শাসন ও সহনশীলতার এই চর্চাই তারেক রহমানের সঙ্গে শেখ হাসিনার মূল পার্থক্য।”

আরও পড়ুন:  নতুন জোট পি৪এমের উদ্বোধনে যোগ দিচ্ছে ভারত

হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরও বলেন, দেশের শিশু, কিশোর ও বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রদের হত্যাকারীদের জায়গা বাংলাদেশের মাটিতে আর কখনোই হবে না। দেশের সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে দেশবিরোধী সব ষড়যন্ত্র প্রতিহত করবে।

এ্যাবের সদস্যসচিব প্রকৌশলী শোয়েব বাশরী হাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) সভাপতি প্রকৌশলী খান মনজুর মোর্শেদ, সাধারণ সম্পাদক প্রকৌশলী মিয়া মোহাম্মদ কাইয়ুম, প্রকৌশলী হারুন অর রশিদ এবং প্রকৌশলী এনায়েত হোসেনসহ প্রকৌশলী সমাজের নেতারা।

Suman Debnath

Journalist

Related Stories

No comments to show.

Leave a Comment