,

ক্ষমতা ও অবৈধ সম্পদ ধরে রাখতেই রাজ্যে সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে বিজেপি: জিতেন্দ্র চৌধুরী

By Suman Debnath

November 21, 2026 9:26 PM

ক্ষমতা ও অবৈধ সম্পদ ধরে রাখতেই রাজ্যে সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে বিজেপি: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ২১ নভেম্বর: অবৈধ সম্পদ ও ক্ষমতা ধরে রাখার স্বার্থে রাজ্যে সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে শাসক দল বিজেপি। বেকারত্ব, দারিদ্র ও আর্থিক অনটনের সুযোগ নিয়ে যুবকদের ভুল পথে পরিচালিত করা হচ্ছে। উদয়পুরে আয়োজিত এক নির্বাচনী জনসভা থেকে বিজেপি সরকারের বিরুদ্ধে এমনই একাধিক অভিযোগ তুলে সরব হলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

এদিনের সভায় উদয়পুর শহরের গত নয় বছরের উন্নয়ন নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর অভিযোগ, উদয়পুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় দীর্ঘদিন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকলেও শহরের নাগরিক পরিষেবা ও পরিকাঠামোগত উন্নয়নে প্রত্যাশিত অগ্রগতি দেখা যায়নি।

জিতেন্দ্র চৌধুরী বলেন, উদয়পুরের জল নিষ্কাশন ব্যবস্থা, পানীয় জলের সরবরাহ, শিক্ষা প্রতিষ্ঠান, খেলাধুলার পরিকাঠামো এবং সাংস্কৃতিক পরিকাঠামোর ক্ষেত্রে গত নয় বছরে কতটা গুণগত পরিবর্তন হয়েছে, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন রয়েছে। ২০১৮ সাল থেকে প্রণজিৎ সিংহ রায় বিধায়ক এবং মন্ত্রিসভার সদস্য। বিভিন্ন দপ্তরের দায়িত্ব পালনের পাশাপাশি বর্তমানে তিনি অর্থমন্ত্রীর দায়িত্বেও রয়েছেন। তা সত্ত্বেও উদয়পুরের নাগরিক পরিষেবায় প্রত্যাশিত পরিবর্তন হয়নি বলে দাবি করেন তিনি।

উদয়পুরের ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতির প্রসঙ্গ তুলে সিপিআইএম নেতা বলেন, ত্রিপুরার অন্যতম প্রাচীন এই জনপদে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করে আসছেন। হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক দীর্ঘদিনের। অতীতে রাজনৈতিক মতাদর্শের পার্থক্য থাকলেও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়নমূলক অনুষ্ঠানে সকল সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের সম্মান জানানো হতো। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ তাঁর।

আরও পড়ুন:  তেলিয়ামুড়ায় অসহায় ছাত্র অনির্বাণ! — মায়ের মৃত্যুর পর চরম সংকটে এক কিশোরের জীবন এবং পরিবার!

নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে জিতেন্দ্র চৌধুরী জানান, ১৯৯৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত মন্ত্রী থাকাকালীন তিনি উদয়পুরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়নমূলক অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সেই সময় রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সমাজের প্রবীণ ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মান জানানোর রীতি ছিল বলে উল্লেখ করেন তিনি।

নির্বাচনী সন্ত্রাসের প্রসঙ্গেও বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন বিরোধী দলনেতা। তাঁর দাবি, গত কয়েক বছরে বিরোধী দলের প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করা, বাড়িঘরে অগ্নিসংযোগ এবং বিরোধী কর্মী-সমর্থকদের উপর হামলার মতো ঘটনা ঘটেছে। এমনকি অস্ত্র দেখিয়ে বাড়িতে গিয়ে ভয় দেখানোর অভিযোগও করেন তিনি। তাঁর প্রশ্ন, ভয়ভীতি ও চাপের মধ্যে নির্বাচন হলে গণতান্ত্রিক অধিকার কতটা সুরক্ষিত থাকে?

বিজেপির বৃহত্তম রাজনৈতিক দল হওয়ার দাবি নিয়েও কটাক্ষ করেন জিতেন্দ্র চৌধুরী। তাঁর বক্তব্য, ভারতকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে তুলে ধরা হলেও নির্বাচিত প্রতিষ্ঠানগুলির অস্তিত্ব এবং বিরোধীদের রাজনৈতিক অধিকার রক্ষা করা জরুরি। লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত কিংবা পুরসভা—সব স্তরেই অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন:  আনন্দঘন পরিবেশে ত্রিপুরায় পালিত ৫৪তম পূর্ণরাজ্য দিবস, সাব্রুমে মূল অনুষ্ঠান!

কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নের দাবির বাস্তবতা নিয়েও প্রশ্ন তোলেন সিপিআইএম রাজ্য সম্পাদক। তাঁর অভিযোগ, শহরাঞ্চলে যানজট, অপরিকল্পিত যান চলাচল, ফুটপাত দখল, দুর্বল নিকাশি ব্যবস্থা, বিশুদ্ধ পানীয় জলের অভাব এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবার সমস্যা এখনও রয়েছে। শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও প্রত্যাশিত উন্নয়ন হয়নি বলে দাবি করেন তিনি।

বেকারত্ব ও যুবসমাজের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জিতেন্দ্র চৌধুরী। তাঁর অভিযোগ, বেকারত্ব, দারিদ্র এবং আর্থিক অনটনের সুযোগ নিয়ে যুবকদের বিভিন্নভাবে ব্যবহার করা হচ্ছে। ক্ষমতা ও অবৈধ সম্পদ ধরে রাখার স্বার্থে রাজ্যে সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এমনকি শাসক দলের অভ্যন্তরেও কিছু কর্মীর মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে বলে দাবি করেন বিরোধী দলনেতা।

আগামী দিনের নির্বাচন প্রসঙ্গে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, নির্বাচনে জয়লাভের জন্য ভোট চুরি, ভোট ডাকাতি ও ছাপ্পা ভোটের মতো অনিয়মের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তাই প্রতিটি নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তিনি।

সবশেষে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষায় সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জিতেন্দ্র চৌধুরী। দেশজুড়ে ভোট চুরির বিরুদ্ধে যে প্রতিবাদ ও আন্দোলনের আওয়াজ উঠেছে, তাকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াইয়ে সাধারণ মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Suman Debnath

Journalist

Related Stories

No comments to show.

Leave a Comment