আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই || সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে শুরু হতে যাচ্ছে ‘আগরতলা প্রেস ক্লাব ফুটবল প্রিমিয়ার লিগ-২০২৬’। প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনার প্রাক্কালে শুক্রবার আগরতলা প্রেস ক্লাবের কনফারেন্স হলে স্পোর্টস সাব-কমিটির উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয় এবং প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহ-সভাপতি চিত্রা রায়, কোষাধ্যক্ষ রঞ্জন রায়, সহ-সম্পাদক তথা স্পোর্টস সাব-কমিটির কনভেনার অভিষেক দে, কার্যকরী সদস্য অভিষেক দেববর্মা, স্পোর্টস কমিটির যুগ্ম কনভেনার সুপ্রভাত দেবনাথ এবং সদস্যা চন্দ্রীমা সিরকার। তাঁদের উপস্থিতিতে প্রতিযোগিতার আকর্ষণীয় ট্রফিগুলোর আনুষ্ঠানিক উন্মোচন করা হয়।
এদিন টুর্নামেন্টের পুরস্কারমূল্যও ঘোষণা করা হয়। চ্যাম্পিয়ন দল পাবে ৩ হাজার টাকা, রানার্স-আপ দল পাবে ২ হাজার টাকা এবং তৃতীয় স্থানাধিকারী দলকে দেওয়া হবে ১ হাজার টাকা। এছাড়া সর্বোচ্চ গোলদাতাকে ১ হাজার টাকা এবং সেরা গোলরক্ষককে ৫০০ টাকা নগদ পুরস্কারের পাশাপাশি ট্রফি প্রদান করা হবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার প্রেস ক্লাবে অনুষ্ঠিত খেলোয়াড় নিলামে অংশগ্রহণকারী চারটি দল— এপিসি ফাইটার, এপিসি টাইগার, এপিসি ওয়ারিয়র এবং এপিসি লায়ন— নিজ নিজ অধিনায়কের নেতৃত্বে অভিজ্ঞ ও নবীন খেলোয়াড়দের সমন্বয়ে চূড়ান্ত দল গঠন করেছে।
আগামীকাল (শনিবার) সকাল ৯টা থেকে আগরতলার ক্ষুদিরাম স্কুল মাঠে এই ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন হবে। রাজ্যের ক্রীড়ামন্ত্রী টিংকু রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, সহ-সভাপতি চিত্রা রায়, স্পোর্টস সাব-কমিটির চেয়ারম্যান অলক ঘোষ, সম্পাদক রমাকান্ত দে এবং অমিত চৌধুরী-সহ একাধিক ক্রীড়া ব্যক্তিত্ব। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিম্বিসার ভট্টাচার্য।
স্পোর্টস সাব-কমিটির কনভেনার অভিষেক দে জানান, সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সুস্থ প্রতিযোগিতা ও ক্রীড়া সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করাই এই আয়োজনের মূল লক্ষ্য। তিনি টুর্নামেন্টকে সফল করতে ক্রীড়াপ্রেমী মানুষ ও গণমাধ্যমের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
Leave a Comment