---Advertisement---

খবর প্রকাশের পর অসহায় অনির্বাণের পাশে বিধায়িকা ও দুই সামাজিক সংস্থা!

By Suman Debnath

March 9, 2026 3:51 PM

---Advertisement---

তেলিয়ামুড়া, মৃন্ময় রায়, ৯ মার্চ ২০২৬, সোমবার : খবর প্রকাশের পর এবার অসহায় ছাত্র অনির্বাণ দাসের পাশে দাঁড়ালেন তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যানী সাহা রায় সহ দুটি সামাজিক সংস্থা। স্থানীয় ও বিভিন্ন সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকাজুড়ে সহমর্মিতার পরিবেশ তৈরি হয় এবং ধীরে ধীরে সাহায্যের হাত বাড়তে শুরু করে।
জানা যায়, খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার নেতাজিনগর এলাকার বাসিন্দা অনির্বাণ দাস বর্তমানে একাদশ শ্রেণিতে পড়াশোনা করছে। ছোটবেলাতেই পিতাকে হারানোর পর মা ও বৃদ্ধা দিদার স্নেহে বড় হয়ে উঠছিল সে। কিন্তু কয়েকদিন আগে ঘটে যাওয়া এক অগ্নিকাণ্ডে সে তার মাকেও হারায়। পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্যের মৃত্যুতে চরম সংকটে পড়ে পরিবারটি।
এই মর্মান্তিক ঘটনার খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যানী সাহা রায় অনির্বাণের পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন। তিনি অনির্বাণের মায়ের শ্রাদ্ধানুষ্ঠানের সম্পূর্ণ ব্যয়ভার বহন করার পাশাপাশি ভবিষ্যতে অনির্বাণের পড়াশোনার সমস্ত খরচ বহনের আশ্বাস প্রদান করেন।
এছাড়াও তেলিয়ামুড়া ইয়ুথ অ্যাসোসিয়েশনের অন্তর্গত তেলিয়ামুড়া ভলেন্টিয়ার অ্যাসোসিয়েশন এবং প্রগতী ফাউন্ডেশন যৌথভাবে অনির্বাণের পরিবারের পাশে দাঁড়ায়। তাদের পক্ষ থেকে পরিবারটিকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয় এবং বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি আগামীদিনে তাদের জরাজীর্ণ বসতবাড়িটি মেরামত করে দেওয়ার আশ্বাসও দিয়েছেন সংগঠন দুটির সদস্যরা।
এলাকাবাসীর মতে, এক অসহায় ছাত্রের দুঃসময়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষের এই মানবিক উদ্যোগ নিঃসন্দেহে এক ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও অনির্বাণের পাশে এভাবেই সমাজের মানবিক মানুষরা এগিয়ে আসবেন, যাতে সে তার পড়াশোনা চালিয়ে গিয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে।

আরও পড়ুন:  ডাবল ইঞ্জিন সরকারের আমলেও পানীয় জলের সংকট, মাটির গর্ত খুঁড়ে জল তুলতে বাধ্য পেরাতিয়ার বাসিন্দারা!

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment