আগরতলা, ১৭ সেপ্টেম্বর: শ্রীনগর থানার অন্তর্গত গাবদ্দি এলাকার একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন ও অশ্রাব্য আচরণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষকের নাম প্রশান্ত বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকেও অভিযুক্ত শিক্ষককে শোকজ নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় শ্রীনগর থানায় কেস নম্বর ২৭/২০২৬-এ ভারতীয় ন্যায় সংহিতার ধারা ৭৫(১)(i)(ii) এবং POCSO Act, 2012-এর ধারা ১২-এর অধীনে মামলা রুজু করা হয়েছে। তদন্তের অংশ হিসেবে অভিযুক্ত শিক্ষক প্রশান্তকে আদালতে পেশ করা হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির তিন ছাত্রী অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ করেন। প্রথমে ছাত্রীরা বিষয়টি তাঁদের অভিভাবকদের জানান। পরে অভিভাবকদের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের বিষয়টি জানানো হয়।
অভিযোগের বিষয়টি জানার পর বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা অভিযুক্ত শিক্ষকের সঙ্গে কথা বলেন এবং তাঁকে জিজ্ঞাসাবাদ করেন বলে বিদ্যালয় সূত্রে দাবি করা হয়েছে। এরপর বিষয়টি থানায় জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
অভিযোগ দায়েরের পর বুধবার পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে। জানা গেছে, অভিযুক্ত শিক্ষকের বাড়ি দিল্লিতে।
ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয় চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অভিযোগের সত্যতা এবং ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই স্পষ্ট হবে। পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।
Leave a Comment