---Advertisement---

ব্রাজিল ম্যাচে কি ফের নীল জার্সিতে সুনীল ছেত্রী? অবসর ভেঙে মাঠে নামার জল্পনায় তুঙ্গে ভারতীয় ফুটবল

By Suman Debnath

August 2, 2026 11:50 AM

ব্রাজিল ম্যাচে কি ফের নীল জার্সিতে সুনীল ছেত্রী? অবসর ভেঙে মাঠে নামার জল্পনায় তুঙ্গে ভারতীয় ফুটবল

---Advertisement---


৩ অক্টোবর কলকাতায় ব্রাজিল (Brazil)-এর বিরুদ্ধে ভারতের ঐতিহাসিক ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। এরই মধ্যে নতুন করে চর্চার কেন্দ্রে উঠে এসেছে একটাই নাম— সুনীল ছেত্রী (Sunil Chhetri)। ভারতীয় ফুটবলের সর্বকালের অন্যতম সেরা এই স্ট্রাইকারকে কি আবারও জাতীয় দলের নীল জার্সিতে দেখা যাবে? ফেডারেশনের অন্দরে সেই সম্ভাবনা নিয়েই শুরু হয়েছে জোর আলোচনা। যদিও বিষয়টি নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সবটাই নির্ভর করছে জাতীয় দলের প্রধান কোচ খালিদ জামিল (Khalid Jamil)-এর সম্মতির উপর।

ভারতীয় ফুটবল মহলের একাংশের মতে, দেশের ফুটবলে সুনীল ছেত্রীর অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ব্রাজিলের মতো বিশ্বশক্তির বিরুদ্ধে তাঁকে কিছু সময়ের জন্য মাঠে নামানোর ভাবনা রয়েছে। এমন একটি ঐতিহাসিক ম্যাচে প্রাক্তন অধিনায়ককে জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো সম্মান জানানো হতে পারে বলেই জল্পনা।

সুনীল ছেত্রী প্রথমবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করেছিলেন ইগর স্টিমাচ (Igor Štimac)-এর কোচিং আমলে। যুবভারতী ক্রীড়াঙ্গনে আবেগঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁর বিদায় জানানো হয়েছিল। পরে মানোলো মার্কেস (Manolo Márquez) জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর তাঁকে অবসর ভেঙে ফের দলে ফিরিয়ে আনা হয়। যদিও সেই সিদ্ধান্ত ঘিরে ফুটবল মহলে নানা বিতর্ক তৈরি হয়েছিল।

আরও পড়ুন:  অক্লান্ত লড়াইয়ের পর অবশেষে স্বপ্নপূরণ জম্মু-কাশ্মীরের পেসার অকিব নবির

পরবর্তীতে জাতীয় দলের দায়িত্ব নেন খালিদ জামিল। জানা গিয়েছে, সেই সময় সুনীল নিজেই কোচকে অনুরোধ করেছিলেন, তাঁর পরিবর্তে নতুন প্রজন্মের কোনও স্ট্রাইকারকে সুযোগ দেওয়ার জন্য। ফলে নতুন কোচের পরিকল্পনায় তিনি নিজেকে আর অন্তর্ভুক্ত করতে চাননি।

তবে ফেডারেশনের একটি অংশের যুক্তি, সুনীল ছেত্রী পরে আর নতুন করে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেননি। সেই কারণেই নিয়মগত কোনও বাধা নেই। যদি কোচ খালিদ জামিল সম্মতি দেন, তাহলে তাঁকে আবারও ভারতীয় দলে অন্তর্ভুক্ত করা সম্ভব।

৩ অক্টোবরের ম্যাচটি ভারতীয় ফুটবলের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। বর্তমানে ফিফা (FIFA) বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ব্রাজিলের অবস্থান পঞ্চম। এত উঁচু র‌্যাঙ্কিংয়ে থাকা দলের বিরুদ্ধে এর আগে কখনও মাঠে নামেনি ভারত। ফলে ম্যাচটি শুধু সমর্থকদের কাছেই নয়, ভারতীয় ফুটবলের ইতিহাসেও অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠতে চলেছে।

আরও পড়ুন:  'তাঁকে ছাড়া ক্রিকেট আজ খুব দরিদ্র'—সোবার্সের প্রয়াণে শোকস্তব্ধ ভারতীয় ক্রিকেট তারকারা

সূত্রের খবর, এটি প্রীতি ম্যাচ হলেও ব্রাজিল তাদের প্রথম সারির একাধিক তারকা ফুটবলারকে নিয়ে কলকাতায় আসতে পারে। যদিও বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ায় নেইমার (Neymar)-এর এই ম্যাচে খেলার সম্ভাবনা নেই।

এখন সমস্ত নজর ভারতীয় ফুটবল ফেডারেশনের সিদ্ধান্ত এবং কোচ খালিদ জামিলের দিকে। সুনীল ছেত্রীকে যদি সত্যিই ব্রাজিলের বিরুদ্ধে শেষবারের মতো জাতীয় দলের জার্সিতে দেখা যায়, তবে তা নিঃসন্দেহে ভারতীয় ফুটবলের অনুরাগীদের জন্য এক আবেগঘন মুহূর্ত হয়ে থাকবে। তবে এই মুহূর্তে উল্লেখ করা জরুরি, বিষয়টি এখনও আলোচনার স্তরেই রয়েছে, আনুষ্ঠানিকভাবে সুনীলের দলে ফেরা নিশ্চিত করা হয়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment