---Advertisement---

‘কেউ ছাড় পাবে না,’প্রশ্নফাঁস নিয়ে কড়া হুঁশিয়ারি মোদীর

By Suman Debnath

July 31, 2026 10:00 AM

‘কেউ ছাড় পাবে না,’প্রশ্নফাঁস নিয়ে কড়া হুঁশিয়ারি মোদীর

---Advertisement---


লোকসভায় পাশ হয়ে গিয়েছে পাবলিক এক্সামিনেশন (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস)অ্যাক্ট, সংশোধনী বিল। আর এই বিল পাস হওয়ার পরই প্রশ্নফাঁস ও পরীক্ষায় জালিয়াতির বিরুদ্ধে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে তিনি বলেন, প্রশ্নফাঁস চক্র ও তথাকথিত ‘পেপার মাফিয়া’-দের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে সরকার। তাদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না।

ভিডিওতে প্রধানমন্ত্রী বলেন, বহু দশক ধরে প্রশ্নফাঁসের সমস্যার মুখোমুখি হতে হয়েছে রাজ্য ও কেন্দ্র উভয় সরকারকেই। এর ফলে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্র ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ করেছে বলে দাবি করেন তিনি। পরীক্ষা ব্যবস্থায় সংস্কার, দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং রাজ্যগুলির মতামতকে গুরুত্ব দিয়ে এগিয়ে যাওয়ার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, দেশের শিক্ষাব্যবস্থাকে আরও স্বচ্ছ ও নির্ভরযোগ্য করতে কেন্দ্র এবং রাজ্য দুই স্তরেই প্রয়োজনীয় সংস্কার জরুরি। পরীক্ষায় জালিয়াতি রোধে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার উপরও তিনি জোর দেন। একই সঙ্গে সতর্কবার্তা দিয়ে বলেন, দেশের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলছে, সেই প্রশ্নফাঁস চক্র ও পেপার মাফিয়াদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন:  ইস্তফা চেয়ে প্রধানমন্ত্রী আবাসের সামনে ধর্নায় রাহুল, রণক্ষেত্র রাজধানীর রাজপথ

এদিকে, বিলটি নিয়ে বুধবার লোকসভায় তুমুল হইহট্টগোলের সৃষ্টি হয়। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী দাবি করেন, দিল্লিতে আন্দোলনরত পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য দেওয়া উচিত। তবে সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী লোকসভায় ছিলেন না। এরপর ধ্বনি ভোটে বিলটি পাস হয়ে যায়। ভোটাভুটির সময় বিরোধী সদস্যরা ওয়াকআউট করেন। এখন বিলটি রাজ্যসভায় পেশ হওয়ার অপেক্ষায় রয়েছে।

উল্লেখ্য, কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যরাতের একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছিল। মাত্র ১২ ঘণ্টার মধ্যেই ইনস্টাগ্রামে ভিডিওটির ভিউ ২৭১ মিলিয়ন ছাড়িয়ে যায়। পাশাপাশি ভিডিওটিতে প্রায় দেড় কোটি লাইক এবং ১৩ লক্ষেরও বেশি মন্তব্য পড়ে। পরদিন আরও  আরও একটি ভিডিও প্রকাশ করে তরুণদের উদ্দেশে কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া ও মূল্যবান পরামর্শের জন্য সকলের কাছে কৃতজ্ঞ।

আরও পড়ুন:  দেশে মাওবাদী উপদ্রুত জেলা এখন শূন্য, জানাল স্বরাষ্ট্রমন্ত্রক

 



---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment