উত্তরপ্রদেশে বিধান পরিষদ নির্বাচনের গণনা চলাকালীন মারাত্মক কারচুপির গুরুতর অভিযোগ তুলল সমাজবাদী পার্টি (সপা)। ব্যালট বাক্সে ‘ভাঁজ না করা’ ব্যালট পেপার উদ্ধারের ঘটনায় শাসক দল বিজেপির বিরুদ্ধে ভোট চুরির বিস্ফোরক দাবি করেছেন সপা সুপ্রিমো আখিলেশ যাদব।
মঙ্গলবার গণনার মাঝে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আখিলেশ যাদব দাবি করেন, লখনউ বিধান পরিষদ স্নাতক কেন্দ্রের সপা প্রার্থী কান্তি সিং-এর নির্বাচনী এলাকার ৯৭ নম্বর বুথে ব্যালট বাক্সের ভেতর কোনো ভাঁজ না থাকা ব্যালট পেপার পাওয়া গেছে। এর মাধ্যমে বিজেপি হাতেনাতে ধরা পড়েছে বলে তিনি দাবি করেন। আখিলেশ যাদব তীব্র আক্রমণ ছানিয়ে বলেন, “আমি এইমাত্র খবর পেলাম যে কান্তি সিংজির নির্বাচনের ৯৭ নম্বর বুথে সম্পূর্ণ ভাঁজহীন ব্যালট পাওয়া গেছে।বিজেপি ভোট চুরিও সততার সাথে করতে পারছে না। ভাঁজ না করে কীভাবে ব্যালট বাক্সে ভোট ফেলা সম্ভব? তারা একেবারে হাতেনাতে ধরা পড়েছে।”
সপা প্রধানের আশঙ্কা, বিরোধী প্রার্থীকে পরাস্ত করতে সম্ভবত ব্যালটে ভর্তি আস্ত ব্যালট বাক্সই বদলে ফেলা হয়েছে। তিনি বলেন, “ভোটারদের পরিষ্কার নির্দেশ দেওয়া হয় যে ব্যালট পেপার কীভাবে ভাঁজ করতে হবে।তাছাড়া ব্যালট দেওয়ার সময়ও তা ভাঁজ করা অবস্থাতেই দেওয়া হয়। কিন্তু বাক্সে ভাঁজহীন ব্যালট পাওয়ার অর্থ হল, ওরা হয়তো পুরোটাই বাইরে থেকে তৈরি করে নিয়ে এসেছে।”
নির্বাচন কমিশনের পক্ষ থেকে সপার এই অভিযোগের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে ২৩ অক্টোবরের নির্বাচনে বুথ দখলের অভিযোগ ওঠার পর গত সোমবারই আগ্রা শিক্ষক কেন্দ্রের ৩টি ভোটকেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছিল। উল্লেখ্য, উত্তরপ্রদেশ বিধান পরিষদের ১১টি আসনের গণনা মঙ্গলবার সকাল থেকে শুরু হয়। বিদায়ী ১১ জন এমএলসি-র মধ্যে বিজেপির ৬ জন, সমাজবাদী পার্টির ৩ জন এবং নির্দল প্রার্থীরা ২ জন ছিলেন।
Leave a Comment