২৬ দিনের মাথায় অনশন প্রত্যাহার করে নিয়েছেন সমাজকর্মী তথা পরিবেশবিদ সোনম ওয়াংচুক। তবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যেতে অনড় ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এই পরিস্থিতিতে শুক্রবার দুপুর সাড়ে ১২টায় দিল্লির কনস্টিটিশন ক্লাবে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন সিজেপির প্রতিনিধিরা।
উল্লেখ্য বিষয় হল, সিজেপি শুরু থেকেই কোনও কেন্দ্রীয় মন্ত্রীর বাসভবনের বদলে নিরপেক্ষ জায়গায় আলোচনার দাবি জানিয়েছিল। সেই দাবির পরিপ্রেক্ষিতেই বৈঠকের জন্য কনস্টিটিউশন ক্লাবকে বেছে নেওয়া হয়েছে।
এদিকে, শুক্রবার সকাল থেকেই যন্তর মন্তরে আন্দোলনকারীদের ভিড় উপচে পড়েছে। নিরাপত্তার স্বার্থে রাজধানীর ১৭টি স্টেশন এদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রাজীব চক, দিল্লি গেট, সেবা তীর্থ এবং সুপ্রিম কোর্ট স্টেশন উল্লেখযোগ্য। এর আগের দিন, বৃহস্পতিবারও একই কারণে ১৬টি স্টেশন বন্ধ রাখা হয়েছিল।
বৈঠকে কেন্দ্র ও সিজেপির তরফে কারা অংশ নেবেন, তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে আলোচনার বিষয়টি নিশ্চিত করেছে সিজেপি। দলেনর মুখপাত্র সৌরভ দাস জানান, তাঁদের আন্দোলন চলবে। তিনি বলেন, সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার জন্য কনস্টিটিউশন ক্লাব ঠিক করা হয়েছে এবং তাঁরা আশা করছেন, বৈঠকে খোলামেলা পরিবেশে আলোচনা হবে। আরেক মুখপাত্র বৈষ্ণবী গৌরও জানান, প্রথম দিন থেকে যে দাবিগুলি নিয়ে তাঁরা আন্দোলন করছেন, সেই দাবিগুলিই সরকারের সামনে তুলে ধরা হবে।
সিজেপির প্রধান তিনটি দাবি হল—কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, নিট প্রশ্নপত্র ফাঁসের জেরে আত্মহত্যা করা পড়ুয়াদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ এবং শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়া প্রতিবাদকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর প্রত্যাহার করা।
অন্যদিকে, শুক্রবার সকালে সমাজমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে সোনম ওয়াংচুক জানান, কেন্দ্রের কাছ থেকে তিনিট লিখিত আশ্বাস পাওয়ার পরই তিনি ২৬ দিনের মাথায় অনশন শেষ করার সিদ্ধান্ত নেন। তাঁর কথায়, যন্তর মন্তরে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের বিরুদ্ধে কোনও মামলা করা যাবে না, নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহ্ত্যা পড়ুয়াদের পরিবারের জন্য ক্ষতিপূরণের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করতে হবে এবং দেশের পরীক্ষা ব্যবস্থার বিভিন্ন ত্রুটি নিয়ে সরকার ও বিরোধী দল সংসদে আলোচনা করবে। এই তিনটি বিষয়ে কেন্দ্র লিখিত প্রতিশ্রুতি দিয়েছে বলে তিনি জানিয়েছেন।
ওয়াংচুককে দেওয়া কেন্দ্রের প্রথম দুটি আশ্বাস কার্যকর হলে সিজেপির তিনটি দাবির মধ্যে দুটি পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবুও তারা মূল দাবি থেকে সরে আসেনি। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে স্পষ্ট জানিয়েছেন, ওয়াংচুকের অনশন প্রত্যাহারের সিদ্ধান্তকে তাঁরা স্বাগক জানালেও কেন্দ্রায় শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত যন্তর মন্তরে তাঁদের আন্দোলন চলবে।
Leave a Comment