রাহুলের বিদেশযাত্রা নিয়ে অমিত শাহের তোপ, ‘আগামী ৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেস’

By Suman Debnath

October 22, 2026 8:05 PM

রাহুলের বিদেশযাত্রা নিয়ে অমিত শাহের তোপ, ‘আগামী ৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেস’

ভোটার তালিকায় নাম তোলার এসআইআর প্রক্রিয়ায় ‘ভোটচুরি’র অভিযোগ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দেশজুড়ে আন্দোলন চালাচ্ছে ‘ইন্ডিয়া’ জোট ও ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সেই উত্তাল আবহের মাঝেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিদেশ সফরকে কেন্দ্র করে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার যমুনা নদী সংস্কারের ৮,৯৪১ কোটি টাকার এক প্রকল্পের উদ্বোধন মঞ্চ থেকে কংগ্রেস ও রাহুল গান্ধীকে নিশানা করে তিনি সাফ জানিয়ে দেন, আগামী তিরিশ বছরেও কংগ্রেস আর কেন্দ্রে ক্ষমতায় ফিরতে পারবে না।


সূত্রের খবর অনুযায়ী, চার দিনের সফরে ভিয়েতনামে গিয়েছেন রাহুল গান্ধী।এই প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী কটাক্ষের সুরে বলেন, রাহুল বিদেশে থাকায় হয়তো তাঁর কথা শুনতে পাচ্ছেন না, কিন্তু দিল্লিতে পা রাখলেই যেন তিনি এই বার্তা শুনে নেন। কংগ্রেস যে বহু বছর ধরে দেশের একাধিক রাজ্যে ক্ষমতার বাইরে, সেই পরিসংখ্যান তুলে ধরে শাহ মনে করিয়ে দেন, বাংলায় ৫৪ বছর, অরুণাচল প্রদেশে ১২ বছর এবং দিল্লিতে ১৮ বছর ধরে কংগ্রেস ভোটে জিততে পারেনি। রাহুলকে বিঁধে তিনি আরও বলেন, তিনি এমন মানুষ দেখেননি যিনি প্রতি ছ’মাস অন্তর বিদেশে পাড়ি দেন। তাঁর কথায়, বিজেপি টানা ৩০ বছর ক্ষমতায় থাকবে বললে বিরোধীরা কারচুপির বিভ্রান্তিকর অভিযোগ তোলে।

আরও পড়ুন:  রাহুলের বাড়িতে বিকেলে চা-চক্র, জ্ঞানেশ বিরোধী আন্দোলনের রূপরেখা তৈরিতে বৈঠক


রাহুলের এই সফর নিয়ে বিজেপি নেতৃত্ব একযোগে আক্রমণ চালিয়েছে। বিজেপির দাবি, দিল্লিতে মিথ্যে অভিযোগ তুলে আন্দোলন করতে করতে ক্লান্ত হয়েই ছুটিতে গিয়েছেন কংগ্রেস নেতা। বিজেপি নেতা সম্বিত পাত্র অভিযোগ করেন, সরকার ফেলার চক্রান্ত করতেই তিনি জর্জ সোরোসের কাছ থেকে পরামর্শ নিতে গিয়েছেন। দলীয় মুখপাত্র প্রদীপ ভাণ্ডারিও প্রশ্ন তোলেন, তিনি বিশৃঙ্খলা সৃষ্টিকারী সহযোগীদের সঙ্গে দেখা করতে গিয়েছেন কি না। যদিও কংগ্রেস এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ খারিজ করে জানিয়েছে, দেশের একজন স্বাধীন নাগরিক হিসেবে বিশ্বের যে কোনও প্রান্তে যাওয়ার অধিকার রাহুলের রয়েছে।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment