বিজেপি ছাড়লেন সর্বভারতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। ব্যক্তিগত কারণ দেখিয়ে বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন পুনাওয়ালা বলে সূত্রের খবর। তবে বিজেপির পক্ষ থেকে এখনও কোনও অফিসিয়াল বিবৃতি জারি করা হয়নি। একমাস আগেই ইঙ্গিত দিয়েছিলেন, সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়াতে চান তিনি। প্রায় দু’বছর ধরে এমনই চিন্তাভাবনা করছিলেন। তবে সরকারিভাবে কোনও ঘোষণা করেননি শেহজাদ পুনাওয়ালা। বরং সমাজমাধ্যমে নতুন বায়ো লিখেছেন তিনি। যা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়ে গিয়েছে।
নিজের এক্স হ্যান্ডলে প্রোফাইলের বায়ো আপডেট করলেও শেহজাদ বায়োতে বিজেপির কোনও কথা উল্লেখ করেননি। বরং সেখানে নিজেকে প্রধানমন্ত্রীর ‘আজীবনের অনুগামী’ হিসেবে উল্লেখ করেছেন শেহজাদ পুনাওয়ালা। প্রায় ১৮ বছর ধরে সক্রিয় রাজনীতিতে যুক্ত শেহজাদ। শুরু কংগ্রেস থেকে। পরে বিজেপিতে যোগ দেন এবং জাতীয় মুখপাত্র হিসাবে দীর্ঘদিন বিজেপিতে কাজ করেন। এক্স হ্যান্ডেলে দলের অবস্থান স্পষ্ট করা, টিভি শো এবং সমাজমাধ্যমে বিরোধীদের প্রশ্নবাণ সামলানো-সবই করতে দেখা গিয়েছে তাঁকে। ২০২১ সালে নয়াদিল্লি বিজেপির সোশ্যাল মিডিয়া ইনচার্জ করা হয় শেহজাদকে। এবার হঠাৎ সমাজমাধ্যম থেকে ‘বিজেপি মুখপাত্র’ পরিচয় সরিয়ে দিয়েছেন তিনি। তাহলে কি রাজনীতি ছাড়লেন শেহজাদ? উঠছে প্রশ্ন।
My updated bio : pic.twitter.com/qGG5s9WMOG
— Shehzad Jai Hind (@Shehzad_Ind) July 30, 2026
এই প্রশ্ন উঠছে তার কারণ তিনি একটি সাক্ষাৎকারের ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করেছেন। যা তাঁর পদক্ষেপ করার সঙ্গে প্রাসঙ্গিক। সেই সাক্ষাৎকারে শেহজাদকে বলতে শোনা যায়, ‘১৮-১৯ বছর আমি প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে জড়িত। আমার মনে হয়, যতদূর আমার আকাঙ্খা ছিল, আমি পৌঁছে গিয়েছি। ২০২৪ সালে নরেন্দ্র মোদী যখন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হন, আমি তখনই সক্রিয় রাজনীতিতে থেকে অবসর নেব ভেবেছিলাম।’ শেহজাদের এক্স বায়ো বলছে, ‘ধর্ম ইসলাম, সংস্কৃতি হিন্দু, আদর্শ ভারতীয়। সারাজীবন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুগামী।’
তাছাড়া ২০১৭ সালে জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে দ্বন্দ্বের জেরে কংগ্রেস ছেড়েছিলেন শেহজাদ পুনাওয়ালা। তারপরই বিজেপিতে যোগ দেন। তিনি পেশায় আইনজীবী এবং নাগরিক অধিকার কর্মী। তখন তাঁকে জাতীয় মুখপাত্র ঘোষণা করা হয় বিজেপির পক্ষ থেকে। রাহুল গান্ধীকে দলের মধ্যে অতিরিক্ত পৃষ্ঠপোষকতা করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছিলেন শেহজাদ পুনাওয়ালা। কংগ্রেসে আবার ফিরবেন কিনা সেটাও জানা যায়নি। ২০২৯ সালে লোকসভা নির্বাচন রয়েছে গোটা দেশে। ২০২৭ সালে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন রয়েছে। কিন্তু এসবের অনেক আগেই সরে গেলেন শেহজাদ পুনাওয়ালা। তাই তাঁর এই পদক্ষেপ নিয়ে চর্চা শুরু হয়েছে জোরকদমে।
Leave a Comment