নয়াদিল্লি, ১ নভেম্বর: রাজধানী দিল্লির রামলীলা ময়দানে বিরোধীদের বিশাল সমাবেশ ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়াল। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ তুলে তাঁর পদত্যাগের দাবিতে রবিবার একজোট হলেন বিরোধী দলের নেতা-কর্মী ও সমর্থকরা। আর সেই মঞ্চ থেকেই আগামী দিনে আন্দোলনের নেতৃত্ব যুব প্রজন্মের হাতে তুলে দেওয়ার বার্তা দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করে বলেন, ‘‘ভ্যানিশ কুমার, আপনি ভোট ভ্যানিশ করে দিয়েছেন। মানুষের চাকরি, ভোটাধিকার, জীবন সব লুট করেছেন। আমাদের একটাই কথা, আগে ভ্যানিশ হটাও, তারপর অন্য কাজ।’’
বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে একযোগে আক্রমণ শানিয়ে মমতার অভিযোগ, পশ্চিমবঙ্গে ভোট লুট করা হয়েছে। নিজের রাজনৈতিক অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘‘আমি তো হারিনি, আমাকে হারানো হয়েছে। এখন আমাকে গৃহবন্দি করে রেখেছে।’’
তবে শুধু রাজনৈতিক আক্রমণেই সীমাবদ্ধ থাকেননি তৃণমূল নেত্রী। ভবিষ্যতের আন্দোলনে যুব সমাজের ভূমিকার উপর বিশেষ গুরুত্ব দেন তিনি। বিরোধী রাজনীতিতে আগামী দিনের নেতৃত্ব যেন তরুণ প্রজন্মের হাতে থাকে, সেই বার্তা দিয়ে মমতা বলেন, ‘‘যুব প্রজন্ম নেতৃত্ব দিন, আমরা গাইড করব।’’
তাঁর বক্তব্যে গণতন্ত্র রক্ষার লড়াইয়ে তরুণদের এগিয়ে আসার আহ্বানও উঠে আসে। মমতার কথায়, ‘‘গণতন্ত্রের মাধ্যমে দেশবাসীকে প্রকৃত ভালোবাসা হয়।’’
রামলীলা ময়দানের এই সমাবেশ থেকে একদিকে যেমন নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের প্রতিবাদী অবস্থান সামনে এসেছে, অন্যদিকে তেমনই আগামী দিনের রাজনৈতিক আন্দোলনে যুব প্রজন্মকে সামনে আনার বার্তাও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Leave a Comment