দীপাবলির আগেই মারাত্মক অবস্থা দিল্লিজুড়ে। বাতাসে মিশেছে বিষ! বৃহস্পতিবার রাজধানী দিল্লির বাতাসের গুণমান ‘খুব খারাপ’ বলে জানা গেল। ধোঁয়ার চাদরে ঢেকেছে রাজধানীর একাধিক এলাকা। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পক্ষ থেকে দেওয়া তথ্য অনুযায়ী, এদিন শহরের একিউআই পৌঁছে গিয়েছে ৩৬৭-তে। গত কদিন ধরে ধোঁয়ার চাদর ঢেকেছে রাজধানী। বৃহস্পতিবারও একই ছবি দেখা গেল সেখানে। কিন্তু দীপাবলির প্রাক্কালে রাজধানীর বাতাসের মানের পরিস্থিতি দেখে সাধারণ মানুষ থেকে পরিবেশবিদদের আতঙ্ক বেড়ে গিয়েছে। আগামী ৮ নভেম্বর দীপাবলি। তার আগে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় জোর চর্চা শুরু হয়েছে।
দিল্লির আলিপুর সবচেয়ে বেশি দূষিত বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। সেখানকার বাতাসের গুণমান সূচক ৪২৭ হয়ে গিয়েছে। পরিস্থিতি ‘ভয়াবহ’ বলে জানানো হয়েছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পক্ষ থেকে। প্রত্যেক বছরই শীতের শুরু থেকে দিল্লির বাতাসের গুণগত মান খারাপ হতে থাকে। আবার উত্তরপ্রদেশ, পাঞ্জাব এবং হরিয়ানায় শস্যের গোড়া পোড়ানোর কারণে প্রত্যেক বছর দিল্লির বাতাসে দূষণের মাত্রা বাড়ে। শস্যের গোড়া পোড়ানো নিয়ে চলতি বছরে আগে থেকেই ওই রাজ্যগুলিকে সতর্ক করা হয়েছে। কিন্তু তার পরে ছবিটা খুব পাল্টেছে এমন নয়। দীপাবলিতে বাজি পোড়ানোর জেরে বাতাসে দূষণমাত্রা বেড়ে যায়। কিন্তু এবার দেখা যাচ্ছে, উৎসব আসার আগেই রাজধানীতে ‘বিষ বাতাস’ শুরু হয়েছে।
একিউআই পরিমাপ পদ্ধতি অনুযায়ী, শূন্য থেকে ৫০-এর মধ্যে বাতাসের গুণমান সূচক (একিউআই) থাকলে সেটা ‘ভাল’ ধরা হয়। ৫১ থেকে ১০০ ‘সন্তোষজনক’, ১০১ থেকে ২০০ ‘মাঝারি’ ২০১ থেকে ৩০০ ‘খারাপ’, ৩০১ থেকে ৪০০ ‘খুব খারাপ’ এবং ৪০১ থেকে ৫০০ সূচক থাকলে তা ‘ভয়াবহ’ বা ‘সংকটজনক’ বলে ধরা হয়। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তথ্য বলছে, বৃহস্পতিবার সকালে ইন্ডিয়া গেটে বাতাসের গুণগত মানের সূচক (একিউআই) ৩৯৯। যা ‘খুব খারাপ’। ঘন ধোঁয়ার চাদরে ঢেকেছে ইন্ডিয়া গেট। আনন্দ বিহারে একিউআই ২৯৬। যা ‘খারাপ’। দিল্লির ৫৯টি দূষণ পরিমাপক কেন্দ্রের মধ্যে ১৮টিতে বাতাসের দূষণমাত্রা ভয়ানক পর্যায়ে পৌঁছেছে। ৩৬টিতে খুব খারাপ পর্যায়ে রয়েছে এবং পাঁচটি কেন্দ্রে বাতাসের গুণগত মান খারাপ পর্যায়ে পৌঁছেছে।
তাছাড়া ২ নভেম্বর থেকেই একিউআই ঊর্ধ্বমুখী। ৩০০ ছাপিয়ে গিয়েছে। যা কিনা বাতাসের গুণমান সূচকের পরিমাপ অনুযায়ী, ‘খুব খারাপ’। বৃহস্পতিবার সেটা এসে ঠেকেছে ৩৬৭। অর্থাৎ দিল্লির বাতাসে বিষের মাত্রা বাড়ছে! দীপাবলির আগেই এই পরিস্থিতি হলে দীপাবলির পর কী অবস্থা হবে? উঠছে প্রশ্ন। জাহাঙ্গীরপুরীতে একিউআই ৪৫৯, আইআইটি দিল্লি এবং পাঞ্জাবি বাগে একিউআই ৪৪৭ এবং ৪৪৬। বুরারি এবং আইটিও-তে ৩৯৭, দ্বারকা সেক্টর ৮-এ ৩৯৬, মন্দির মার্গে ৩৯৩।
Leave a Comment